এসিড-সন্ত্রাস বন্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান
কলেজছাত্রী ও তাঁর বোনের ওপর এসিড নিক্ষেপের মামলায় অভিযুক্ত আশীষ বিশ্বাসকে গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে গতকাল শনিবার সকালে মানববন্ধন হয়েছে। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে ও গোপালগঞ্জ বন্ধুসভার আয়োজনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই মানববন্ধন পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রেজিস্ট্রার বিল্ডিং পর্যন্ত বিস্তৃত মানববন্ধনে প্রায় ২০০ মানুষ অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন তেল-গ্যাস ও বিদ্যুত্-বন্দর রক্ষা কমিটি গোপালগঞ্জের সাধারণ সম্পাদক আবু হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী নাঈম খান, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজমুল ইসলাম, গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম, পুলিশের উপপরিদর্শক হারুন অর রশিদ, সহকারী উপপরিদর্শক জামাল হোসেন, উদীচী গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুল্লাহ, নারী নির্যাতনবিরোধী এনজিওগুলোর সংগঠন অ্যালায়েন্সের গোপালগঞ্জ সভাপতি শিপ্রা বিশ্বাস, নারী অধিকারবিষয়ক স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সেঁজুতির নির্বাহী পরিচালক রহিমা রহমান, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস আল হুসাইন মামুন ও বন্ধুসভার বন্ধুরা যোগ দেন।
মানববন্ধনকালে দেওয়া বক্তব্যে আবু হোসেন বলেন, খুচরা এসিড বিক্রি বন্ধ না হলে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি না পেলে এসিড-সন্ত্রাস বন্ধ হবে না। তিনি প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও উন্নয়নকর্মীদের এসিড-সন্ত্রাস বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান।
আলী নাঈম খান বলেন, যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে না পারলে এ রকম এসিড নিক্ষেপের ঘটনা ঘটতেই থাকবে। গ্রামপর্যায়ে খেলাধুলার আয়োজন করার মধ্য দিয়ে এসিড-সন্ত্রাস নির্মূল করা সম্ভব বলে মনে করেন তিনি। এ জন্য তিনি অভিভাবক ও সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
৬ জানুয়ারি রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের কলেজছাত্রী ঊষা ও তাঁর ফুফাতো বোন রিতা এসিড-সন্ত্রাসের শিকার হন। এ ঘটনায় পরদিন ঊষার বাবা মন্মথ বাদী হয়ে রাউথ খামার গ্রামের আশীষ বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলা করেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






