কালাইয়ে শীতবস্ত্র পেলেন ৩০৮ জন
জয়পুরহাটের কালাই উপজেলায় প্রথম আলোর উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বানিহারা জেলেপাড়া, হাতিয়র কলুপাড়া, চান্দাইর দীঘিপাড়া, রোয়াইর দীঘিপাড়াসহ বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল সকালে ১২৮টি দুস্থ পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়। এ ছাড়া এসব এলাকার ১৮০ জন নারী, শিশু, বৃদ্ধ ও কিশোর-কিশোরীদের মধ্যে সোয়েটার, জ্যাকেট, জামা, সালোয়ার, শার্ট, প্যান্ট, ওড়নাসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র দেওয়া হয়।
স্থানীয় বন্ধুসভার সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন। বানিহারা তেতুলতলা মাঠে শীতবস্ত্র বিতরণ কাজে অংশ নেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান। চেয়ারম্যানের হাত থেকে কম্বল নিয়ে আবেগাপ্লুত কার্তিক মালি (৭৫) বলেন, ‘কম্বলডা দিয়ে তোমরাই হামার পরিবারডাক ঠান্ডার কামড় থ্যাকে বাঁচানিন। গাওত দিবার মতো ঘরত একটা ছিঁড়া-ফাটা খেতাও নাই। পরিবারশুদ্ধা শীতের চোটে একেবারে মরে যাওচি, কম্বলডা গায়ত দিয়ে ঠান্ডার কামড় থ্যাকে বাঁচবার পারমো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম শীতবস্ত্র বিতরণ করেন বানিহারা জেলেপাড়ায়। এ ছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম কাওছার রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান ও আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ শীতবস্ত্র বিতরণ কাজে অংশ নেন। এ সময় কালাই বন্ধুসভার সভাপতি এনায়েতুর রশিদ, সাধারণ সম্পাদক আবুল হাসনাত সরকার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন এবং সদস্য আবু রায়হান উপস্থিত ছিলেন।
প্রথম আলোর উদ্যোগে শীতবস্ত্র বিতরণকাজে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ, এসিডদগ্ধদের পুনর্বাসন, মাদকবিরোধী আন্দোলন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ প্রথম আলোর বিভিন্ন উদ্যোগ, পত্রিকাটির পাঠক হিসেবে আমাকে অনুপ্রাণিত করে।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






