‘সুইটার পিনেহেনে কাম করিবা যাবা পারিম’
প্রথম আলোর উদ্যোগে ঠাকুর-গাঁওয়ের পীরগঞ্জে গতকাল মঙ্গলবার শীতার্ত মানুষের মধ্যে কম্বল, চাদর ও সোয়েটার বিতরণ করা হয়েছে। কুয়াশাচ্ছন্ন কনকনে ঠান্ডা আবহাওয়ার মধ্যে স্লিপ হাতে নিয়ে সকাল ১০টার মধ্যেই পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমা হয় শীতার্ত মানুষেরা। এর আগে পীরগঞ্জ বন্ধুসভার সদস্যরা বিভিন্ন গ্রামে গিয়ে হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের কাছে শীতবস্ত্র সংগ্রহের স্লিপ পৌঁছে দেন।
শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ মণ্ডল, উপজেলার ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াজেদ আলী সরকার, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বন্ধুসভার সভাপতি অধ্যাপক বদরুল হুদা।
চাদর পেয়ে পীরগঞ্জের রঘুনাথপুর গ্রামের ফুলজান বেওয়া (৫৮) বললেন, ‘শুনা পাছি, কত লোক কম্বল দেহে। কিন্তুক হামাক আর কেহ দেখে না। তোমরায় বা হামার জারের কষ্ট বুঝিলেন, আল্লাহ তোমহাক বাঁচায় থোক।’ সোয়েটার পেয়ে জগথা গ্রামের জমিলা (৫০) বলেন, ‘না খায় একবেলা থাকা যায়, কিন্তু রাইতটা অসিলে জারের ঠেলায় জান বাঁচে না, এলা সুইটার পিনেহেনে কাম করিবা যাবা পারিম।’
পীরগঞ্জের ভাকুড়া, জগথা, গুয়াগাঁও, আকাশিল, নারায়ণপুর, মিত্রবাটি, দৌলতপুর, রঘুনাথপুর, ভেলাতৈড়, পূর্ব হাজিপুর, বথপালিগাঁও, মুন্সিপাড়া ও ঈদগাঁ বস্তির ২০০ জন হতদরিদ্রের মধ্যে এই কম্বল, চাদার ও সোয়েটার বিতরণ করা হয়।
ইউএনও বলেন, ‘প্রথম আলোর সেবামূলক কার্যক্রম সম্পর্কে আমার আগে থেকেই জানা আছে। তাই এই শীতবস্ত্র বিতরণে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত।’
চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, প্রথম আলোর উদ্যোগে গত রোববার চাঁপাইনবাবগঞ্জ শহর ও শিবগঞ্জ উপজেলার কাসাট ইউনিয়নের চাতরা এলাকায় ৪৫ জন নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঢাকায় প্রথম আলোর একজন পাঠকের সহায়তায় গত শনিবার রাতে শহরের মসজিদপাড়ার ১০০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকাজে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা নঈমুল বারী, সদস্য নুরুল, বাবলু, আকবর, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






