শিরোনাম:

তিন জেলায় শীতবস্ত্র বিতরণ

‘ভর শীত গতরের উপর দে গেল’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও নীলফামারী এবং ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১০

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

‘ভর শীত গতরের উপর দে গেল। এমন কাপড়নি যে তাদে শীত থ্যাকি ব্যাঁচি নবো। আইনায় (আইলায়) সব খেয়ে গে। ঘরদোর কিচুনি। পানি নেমে যায়ার পর টোঙ বাঁধি বাস করতিছি। এভাবি শীত পুড়তি থ্যাকলি সব মুরে সাবার হুয়ে যাবানি। তোমাগো শীতের কাপুড় গায়ে দে শীত থ্যাকি বেঁচি যাবুনে।’ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের শোভারানী মণ্ডল গতকাল রোববার কম্বল পেয়েই এ কথা বলেন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সদস্যদের সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করা হয় নীলফামারী ও পাবনার ঈশ্বরদীতেও।
সাতক্ষীরা: গতকাল শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রাম সিংহড়তলী, ধল, ছোট ভেটখালি, হরিনগর, জেলেপাড়া ও চুনকুড়ির ১৭৫ জন দুস্থকে শীতবস্ত্র দেওয়া হয়। এই দুস্থরা সবাই গত বছর ঘূর্ণিঝড় আইলায় সবকিছু হারিয়েছে।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সিংহড়তলী পরিবেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা রানী মৃধা, সহকারী শিক্ষিকা আরতি রানী মণ্ডল, কলেজের শিক্ষক প্রদীপ কুমার রপ্তান, সমাজকর্মী আবুল কাসেম, আয়ুব আলী, সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রকাশ পাত্র ও সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
নীলফামারী: সদরের ইটাখোলা, বারাইপাড়া, সরকারপাড়া, শাহীপাড়া, মাছুয়াপাড়াসহ বিভিন্ন মহল্লার ১০০ দুস্থ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল সকালে নীলফামারী আলিয়া মাদ্রাসার মাঠে এ কম্বল বিতরণ করেন জেলা বন্ধুসভার উপদেষ্টা প্রবীণ শিক্ষক মো. শফিকুল হক। উপস্থিত ছিলেন জেলা বন্ধুসভার সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হাদী, প্রথম আলো র নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান প্রমুখ।
কম্বল পেয়ে মাছুয়াপাড়া মহল্লার মাজেদা বেগম (৪৫) তাঁর শিশুপুত্রকে দেখিয়ে বলেন, ‘ছাওয়াটাক মোর বাঁচাইলেন। এই ঠান্ডাত ছাওয়াগুলাক নিয়া যে মোর কী কষ্ট হইছে, সেটা তোমরা বুঝবেন না। এলা আর শীতত কষ্ট পাইবে না।’
ঈশ্বরদী: ঈশ্বরদী ডাকবাংলো মাঠে গতকাল ১০০ জন শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ে সদর দপ্তরের বিভাগীয় ব্যবস্থাপক মাহবুবুল আলম, পাবনার পুলিশ সুপার (এসপি) নিবাস চন্দ্র মাঝি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক চান্না মণ্ডল, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক বিষ্ণুপদ পোদ্দার, কলেজের শিক্ষক আনোয়ারুল আলম, ঈশ্বরদী বন্ধুসভার সভাপতি নওশাদ আলী, প্রথম আলোর ঈশ্বরদী প্রতিনিধি মাহবুবুল হক প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন