৩১০ জন দুস্থ কম্বল পেলেন
সিরাজগঞ্জের রায়গঞ্জ, জামালপুরের সরিষাবাড়ী ও কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল শনিবার, গত বুধ ও বৃহস্পতিবার ৩১০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর—
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার উপজেলার বিলচণ্ডি, ক্ষুদ্রসাদ্রা, তেলিজানা, হাসিল, বাশুড়িয়া, লাহোর ও রৌহা গ্রামের ৬০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামসুল হক সওদাগর, প্রধান শিক্ষক সালেহ মাহমুদ মিয়া, ধানগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, বন্ধুসভার সদস্য কামরুল হাসান, আছিয়া খাতুন প্রমুখ।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীর গণময়দান কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে গতকাল শনিবার পৌর এলাকার শিমলাপল্লী, তাড়িয়াপাড়া, ইস্পাহানি কোনাবাড়ী, মাইজবাড়ী, আরমনগর, শিমলাবাজার, কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চবাড়ী, শুয়াকৈর, মহাদান ইউনিয়নের বিলবালিয়া, সানাকৈর এলাকার ১০০ জন দুস্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বন্ধুসভার এ কে এম সফিকুল আলম, বাদশা ভুঁইয়া প্রমুখ।
কুষ্টিয়া: ‘আমরা রাইফেল নিয়ে দেশ রক্ষা করেছি, আর তুমরা কম্বল দিয়ে তাঁদের রক্ষা করছ, বাঁচি থাকো বাবা।’ গত বৃহস্পতিবার কম্বল পেয়ে কুষ্টিয়া শহরের মুক্তিযোদ্ধা আবুল হোসেন এভাবেই তাঁর অনুভূতির কথা জানান। হুইল চেয়ারে ভর দিয়ে শহরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন তিনি। কুষ্টিয়ায় গত বুধ ও বৃহস্পতিবার রাতে শহরের গড়াই বাঁধ বস্তি, বড়বাজার রেলস্টেশন, কোর্ট স্টেশন ও ওই সব এলাকার ফুটপাতে শুয়ে থাকা ১৫০ জন দুস্থ শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার মনিরুজ্জামান, শাহিন আকতার প্রমুখ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






