দুধ বেচে কিছু টাকা জমা রাখবেন নাসিমা আক্তার

খুলনা অফিস | তারিখ: ০৬-০৬-২০১০

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

‘প্রথম আলোর দেওয়া এই গরুই আমার একমাত্র সম্বল। এ নিয়েই আমি নতুন করে বাঁচতে চাই। গরুর দুধ বেচে কিছু টাকা সংসারে লাগাব, কিছু জমা করে রাখব। জমানো টাকা দিয়ে পরে কয়টা ছাগল কিনব। আপনারা দোয়া করবেন।’
‘এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল’ থেকে বাছুরসহ গাভি পেয়ে এভাবেই নিজের স্বপ্ন আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এসিডদগ্ধ নাসিমা আক্তার। গতকাল শনিবার বিকেলে খুলনা মহানগরের খুলনা মেডিকেল কলেজ-সংলগ্ন ছোট বয়রায় নাসিমার বাড়ির সামনে এক অনুষ্ঠানে নাসিমা আক্তারের হাতে গাভি তুলে দেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ এম আবুল বাশার মিয়া। প্রথম আলো সহায়ক তহবিল থেকে ৪০ হাজার টাকা দিয়ে তাঁকে বাছুরসহ ওই গাভী কিনে দেওয়া হয়।
অধ্যাপক এম আবুল বাশার মিয়া বলেন, ‘প্রথম আলো যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা দেখে অন্যদের এগিয়ে আসা উচিত। তাঁরা শুধু সংবাদ ছেপেই তাঁদের দায়িত্ব শেষ করেননি, মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেও প্রশংসা কুড়িয়েছেন।’
সভায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল। তিনি জানান, এ পর্যন্ত প্রায় আড়াই শ এসিডদগ্ধ নারীকে প্রথম আলো সহায়ক তহবিল থেকে সহযোগিতা করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-৬-এর কাউন্সিলর আমেনা হালিম বেবী বলেন, ‘প্রথম আলো যে কাজের সূচনা করল, অন্যদেরও তা করতে হবে। আমরা এই ভালো কাজের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।’
খুলনায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২০০৮ সালের ১ সেপ্টেম্বর কক্সবাজার সদরে পূর্বশত্রুতার জের ধরে আজিজুল হাকিম নামের এক ব্যক্তির ছোড়া এসিডে নাসিমার মুখসহ শরীরের সামনের অংশ ঝলসে যায়। নাসিমা এখনো চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মামলা হলেও আসামি আজিজুল হাকিমসহ অন্যরা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন। উচ্চতর আদালতে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন