নোয়াখালীতে এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রী, তার বোন ও ভাগিনার ওপর এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে বন্ধুসভা শহরের টাউন হল মোড়ে গতকাল মানববন্ধন করে
প্রথম আলো
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রী ফারহানা আক্তার ও তার বোন-ভাগিনার ওপর এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে নোয়াখালী টাউন হল মোড়ের প্রধান সড়কে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়ক তহবিলের সহায়তায় প্রথম আলো বন্ধুসভা ওই কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এই মানববন্ধনে বন্ধুসভার সদস্য ছাড়াও সাইয়েদুল আবরার মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থী, থিয়েটার এডুকেশন রিসোর্স ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা এবং নানা শ্রেণী-পেশার মানুষ একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।
গত পাঁচ দিনেও ফারহানা ও তাঁর বোন, ভাগিনার ওপর এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই এ নিয়ে ফারহানার সহপাঠী মাদ্রাসার ছাত্রী ও এলাকার লোকজনের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে জানান, হাসপাতালে ফারহানার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তিনি ওই ঘটনায় জড়িত সম্ভাব্য আসামিদের গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চালান। কিন্তু সন্দেহভাজন সবাই গা-ঢাকা দেওয়ায় কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা মতিপুর গ্রামের ইতালি-প্রবাসী সোহরাব হোসেনের বসতঘরের সিঁদ কেটে ভেতরে ঢুকে স্থানীয় সাইয়েদুল আবরার মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ফারহানা ও তার বড় বোন রৌশনারা এবং বোনের ছেলে লিয়ানের ওপর এসিড ছোড়ে। এসিডে ফারহানার বাঁ-চোখ, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






