সারা দেশে মাদককে বর্জনের অঙ্গীকার
‘মাদক পরিহার করুন, স্বাস্থ্য নিয়ে ভাবুন’—এই স্লোগান সামনে রেখে গতকাল শনিবার সারা দেশে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সারা দেশে মাদকবিরোধী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলা লিংক-প্রথম আলো। প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার সহায়তায় ‘মাদকমুক্ত সুস্থ জীবন’—এই শ্লোগানে দেশের ৪৬টি স্থানে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেন।
শোভাযাত্রা ও আলোচনা সভা ছাড়াও বিভিন্ন স্থানে মানববন্ধন, নাটক, বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশালে বন্ধুসভা ও মাদক নিরাময়কেন্দ্রে চিকিৎসারতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এর আগে তাঁরা অঙ্গীকার করেন, ‘মাদককে সবাই মিলে প্রত্যাখ্যান করব।’ আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সকাল সাড়ে নয়টায় নগরের আলুপট্টির মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে মিঞাপাড়া পাবলিক লাইব্রেরি চত্বরে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামসুদ্দিন ইলিয়াস আলোচনা করেন।
খুলনা: সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার আহ্বায়ক জাফর ইমাম, এ এইচ এম জামালউদ্দীন, স্থানীয় বন্ধুসভার অর্থ সম্পাদক রবিউল আলম প্রমুখ।
বরিশাল: বেলা পৌনে ১২টায় বরিশাল ব্রজমোহন কলেজের জিরো পয়েন্টে আয়োজিত মাদকবিরোধী মানববন্ধনে মাদক নিরাময়কেন্দ্রে চিকিৎসাত ব্যক্তিরা অঙ্গীকার করেন, ‘মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে। আমরা আর মাদক নেব না। মাদককে সবাই মিলে প্রত্যাখ্যান করব।’ পরে শোভাযাত্রা শেষে দুপুর ১২টায় বন্ধুসভার সদস্য বনাম মাদক নিরাময়কেন্দ্রে চিকিৎসারত ব্যক্তিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননীগোপাল দাস। দুপুর দেড়টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশালের সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ, হলিকেয়ার মাদকাসক্ত নিরাময়কেন্দ্রের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বন্ধুসভার সভাপতি রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
রংপুর: মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে রংপুর উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা উপস্থিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুথন আযাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন চিকিৎসক মফিজুল ইসলাম, মমতাজ বেগম, শিক্ষক সেকেন্দার আলী, বন্ধুসভার মাহফুজা আক্তার প্রমুখ।
বগুড়া: সকাল সাড়ে আটটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। এর আগে এক সমাবেশে বক্তৃতা করেন বগুড়া রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি রাগেবুল আহসান, আবদুল লতিফ, যুব রেড ক্রিসেন্টের বগুড়ার প্রধান শরিফুর রহমান, বন্ধুসভার সভাপতি সেলিনা শিউলী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান প্রমুখ।
কুমিল্লা: সকাল সাড়ে ১০টায় বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে শহরের কান্দিরপাড়ের টাউন হল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথম আলো কুমিল্লা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান মো. আবদুর রউফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আলী আশরাফ, শাহ মো. আলমগীর খান, দিলনাশি মোহসেন, সাজ্জাদুল কবির, তানভীর রানা, আবদুস সামাদ, বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন প্রমুখ। পরে মাদকবিরোধী সভায় তিন তরুণ ধূমপান ছাড়ার অঙ্গীকার করেন।
যশোর: প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় চত্বরে সকাল সাড়ে নয়টায় গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনার ফাঁকে চলে গান ও কবিতা আবৃত্তি। সভায় বক্তৃতা করেন মাদকদ্রব্য অধিদপ্তর যশোরের উপপরিচালক এ এ এম হাফিজুর রহমান, তারাপদ দাস, হারুন-অর-রশীদ ও বন্ধুসভার সভাপতি শুভঙ্কর গুপ্ত। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার বন্ধু অনামারজিয়া এ্যানি। সবশেষে শোভাযাত্রা বের করা হয়।
নোয়াখালী: বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এর আগে সকালে নোয়াখালী জিলা স্কুলে মাদকবিরোধী প্রচারণা চালান বন্ধুসভার সদস্যরা। শোভাযাত্রায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোস্তফা ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলার আহ্বায়ক এমদাদ হোসেন প্রমুখ অংশ নেন।
ঝিনাইদহ: ‘মাদক সেবন করব না, বন্ধুকে মাদকমুক্ত থাকতে অনুরোধ করব’ এই শপথের মাধ্যমে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় নিমতলা বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তৃতা করেন শিবুপদ বিশ্বাস, গোলাম রসুল, বন্ধুসভার শাহীনুর আলম প্রমুখ।
দিনাজপুর: আঞ্চলিক কার্যালয় থেকে শোভাযাত্রা বেরিয়ে স্থানীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মো. সফিকুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, বন্ধুসভার সভাপতি এখলাসুর রহমান প্রমুখ।
ফরিদপুর: সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব বিপ্লব বালা, শিশু সংগঠক সিরাজুল আজম ও ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা।
পঞ্চগড়: সকালে মুক্তিযোদ্ধা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গিয়াসুদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক, পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, বন্ধুসভার সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ বক্তৃতা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফোকলোর চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে মাদকের বিভিন্ন কুফল নিয়ে আলোচনা করেন বন্ধুসভার সদস্য নূর আহমেদ বায়জীদ, আসাদ সরকার, জিপসি, রিমন প্রমুখ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘সত্যি ভূতের গপ্প’ নামে নাটক মঞ্চস্থ হয়।
পিরোজপুর: সকাল ১০টায় শহরের সোনালী ব্যাংকের সামনে গাড়ি থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গাড়িটি জিয়ানগর উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজে গিয়ে পৌঁছায়। এরপর স্কুলের প্রধান শিক্ষক আশিস চক্রবর্তী মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে বক্তৃতা করেন। শেষে বাউলশিল্পীরা মাদকবিরোধী সংগীত পরিবেশন করেন।
চুয়াডাঙ্গা: বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শোভযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। এরপর বন্ধুসভার সভাপতি ফিরোজ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি সনাক চুয়াডাঙ্গার সভাপতি সিদ্দিকুর রহমান, এস এম ইস্রাফিল, বন্ধুসভার সাধারণ সম্পাদক মাবুদ সরকার প্রমুখ বক্তৃতা করেন।
ঝালকাঠি: সকাল নয়টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক ঘণ্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে টাউন হলে বন্ধুসভার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মো. আফজাল হোসেন।
সিলেট: বিকেল চারটার দিকে নগরের জিন্দাবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়। কর্মসূচির শুরু করেন মাদকাসক্তি থেকে ফিরে স্বেচ্ছায় মাদকবিরোধী প্রচারকর্মে নিয়োজিত সিলেটের তরুণ ইমতিয়াজুর রহমান ওরফে ইনু।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বাক্ষর করে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সোচ্চার থাকার অঙ্গীকার করেন। এঁদের মধ্যে ছিলেন কবি শুভেন্দু ইমাম, কবি তুষার কর, সাংস্কৃতিক সংগঠক অম্বরিশ দত্ত, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর, সিলেট পরিবেশ আন্দোলনের সদস্যসচিব আবদুল করিম, সিলেট ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর ও বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদের সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব শামীমা শাহরিয়ার। পরে একটি শোভাযাত্রা নগরের চৌহাট্টা মোড় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপস্থিত লোকজনকে মিষ্টি খাওয়ানো হয়। প্রথম আলো বন্ধুসভা সিলেট ও বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা অনুষ্ঠান সমন্বয় করেন।
ময়মনসিংহ: বন্ধুসভার সদস্যরা সকাল ১০টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে ঢাক-ঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুব্রত কুমার হালদার, সদর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইকরামুল হক, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের পরিচালক শংকর সাহাসহ শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ছিলেন। শোভাযাত্রা শেষে প্রথম আলোর কার্যালয়ে আলোচনা সভা হয়।
জামালপুর: শহরের গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে সকাল পৌনে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি শহরের গেটপাড় মাদক প্রতিরোধ কমিটির সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হক খানের নেতৃত্বে সংগঠনের কর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে শহরের দয়াময়ী মোড়ে ‘মাদক থেকে বন্ধুকে বাঁচাও’ শিরোনামে প্রচারপত্র বিলি করা হয়।
ভৈরব: ভৈরবের হাজি আসমত কলেজমাঠ থেকে মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’-এ গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আবদুর রশিদ মিঞার সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে অংশ নেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম, প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান, উপাধ্যক্ষ জাকির হোসেন, বন্ধুসভার মো. সেলিম ও ওয়াহিদা আমিন।
টাঙ্গাইল: সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রথম আলোর টাঙ্গাইল অফিসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। মুক্তিযোদ্ধা গণসংগীতশিল্পী এলেন মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সরকারি এমএম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, সাবেক উপসচিব রফিকুল হায়দার, মানবাধিকারকর্মী এহসানুল হক খান, টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা তানিয়া বখ্শ, বন্ধুসভার শিশির দাস, মনিরুন নাহার, মামুন খান প্রমুখ।
সুনামগঞ্জ: বন্ধুসভার সদস্যরা শহরের সুনামগঞ্জ পৌর কলেজ, সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়, এইচএমপি উচ্চবিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ও বুলচান্দ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ করেন। শিক্ষার্থীদের মাদক সম্পর্কে সচেতন করেন শিক্ষকেরা। শিক্ষার্থীরা নিজেকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করেন।
তাহিরপুর (সুনামগঞ্জ): গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর পূর্ব বাজার চাউলমহালে সমাবেশে মিলিত হয়। বন্ধুসভার সভাপতি বিদ্যুৎ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক, তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এহ্সানুজ্জামান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুনাব আলী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুল হুদা, উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর খোকন ও বন্ধুসভার তুলি রায়। সভায় উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ পাঠ করান উপজেলা চেয়ারম্যান আনিসুল হক।
কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ উপজেলার আদমপুর মৈরা পাইবী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ও রেশড বাংলাদেশের সহযোগিতায় মাদকবিরোধী শোভাযাত্রা ও পথসভা হয়। সকাল ১০টার দিকে স্থানীয় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মৈরা পাইবী সমাজকল্যাণ সংস্থার সভানেত্রী সৌদামিনী শর্ম্মার সভাপতিত্বে সভা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: বেলা ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। বন্ধুসভার উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লেখক ও ব্যাংকার কাজী মাহমুদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান সরকার, প্রভাষক ওসমান গণি, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বদরউদ্দিন, বন্ধুসভার আবদুর রহিম, মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
নরসিংদী: ‘তরুণ প্রজন্ম তাদের সবচেয়ে কাছের মানুষ বন্ধুদের কাছ থেকে প্রথমে মাদকে আসক্ত হয়। আমরা নিজেদের অগোচরেই বন্ধু হয়ে বন্ধুকে ঠেলে দিচ্ছি সর্বনাশা নেশা মাদকের দিকে। নেশার চোরা স্রোতে তলিয়ে যেতে বসেছে আমাদের তরুণ সমাজ। তাই মাদকের আগ্রাসন থেকে মুক্তি পেতে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে সব বন্ধুকে।’ গতকাল নরসিংদীতে আয়োজিত আলোচনা সভায় নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক এহয কথা বলেন। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কলেজের উপাধ্যক্ষ বিমল কান্তি দেবনাথ, বন্ধুসভার মনিরুজ্জামান, আল-আমিন, নাজমুল হাসান প্রমুখ। এর আগে জেলার বিশিষ্টজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মুন্সিগঞ্জ: প্রথম আলো বন্ধুসভার সদস্য ও অতিথিরা গতকাল বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে মুন্সিগঞ্জ শহরে মানববন্ধন করেছেন। এতে অংশ নেয় সরকারি হরগঙ্গা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুখেন ব্যানার্জি, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, বন্ধুসভার নূর উন নবী প্রমুখ। মানববন্ধন শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভায় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা যোগ দেয়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






