মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০৭-২০১১

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

‘আমি ষষ্ঠ শ্রেণীতে উঠে মাদকাসক্ত হয়ে পড়ি। প্রায় ২০ বছর মাদকাসক্ত ছিলাম। তখন মনে হতো, আমার আপন কেউ নেই। এমনকি মা-বাবাকেও সহ্য করতে পারতাম না। দরজা বন্ধ করে একা থাকতে পছন্দ করতাম। আমার সমস্ত জগতে তখন নেশাই ছিল একমাত্র সঙ্গী।’
মাদকের ছোবলে আক্রান্ত এক যুবকের এই বর্ণনা মনোযোগ দিয়ে শুনছিলেন শ্রোতারা। এরপর ওই যুবক শোনালেন তাঁর মাদক থেকে মুক্তির কথা। তিনি বলেন, ‘পরিবারের সহায়তায় চিকিৎসা নিয়ে কয়েক বছর ধরে আমি সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছি।’
গতকাল শনিবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের পরামর্শ সহায়তা-২০। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাদকাসক্ত ব্যক্তি ও পরিবারের সদস্যরা। মাদক বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক অভ্রদাস ভৌমিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক সিফাত-ই-সাঈদ ও সৈয়দ তৌহিদ মাহমুদ, মাদক নিয়ে কাজ করা সংগঠন ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী এবং প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা আহমেদ হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।
অনুষ্ঠানে একজন বাবা তাঁর সন্তান মাদকাসক্ত হওয়ার কথা উল্লেখ করে সমাধান চাইলে সিফাত-ই-সাঈদ বলেন, ‘আপনার সন্তানকে ভালোভাবে বোঝান, তাঁকে সময় দেন এবং প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নেন।’ অনুষ্ঠানে ছিল মাদকসংক্রান্ত নানা প্রশ্ন এবং এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন