মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার দেওয়া হবে আজ
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে নয় বছর ধরে মাদকবিরোধী আন্দোলন কার্যক্রমের অংশ হিসেবে আজ ঢাকায় টেলিভিশন ও সংবাদপত্রে প্রচারিত বা প্রকাশিত প্রতিবেদনের জন্য আটজন সাংবাদিককে ‘মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১২’ দেওয়া হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘পরিবার হোক মাদকমুক্ত’ শীর্ষক আলোচনা সভা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় প্রথম আলোর কার্যালয়ের দশম তলায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। এ ছাড়া অংশ নেবেন প্রশাসনসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।
‘প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন’ প্রথম আলো ট্রাস্টের মাদকের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন নিয়মিতভাবে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সহায়তার জন্য প্রতি মাসে একটি পরামর্শ সভার আয়োজন করে। এ ছাড়া বছরব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিবছর ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে কনসার্ট এবং দেশব্যাপী শোভাযাত্রার আয়োজন করা হয়। এ বছর রাজশাহীতেও একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে। এবার নিয়ে তৃতীয়বারের মতো মাদকবিরোধী প্রতিবেদনের ওপর পুরস্কার ঘোষণা করবে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে এ বছর দেশব্যাপী আলোচনা সভা এবং তরুণদের সচেতন করার লক্ষ্যে ২২ জুন ঢাকায়, ২৯ জুন চট্টগ্রামে ও ১৩ জুলাই রাজশাহীতে কনসার্টের আয়োজন করেছে।







Anowar Hossain @Kuwait
২০১২.০৬.২৬ ১৪:৫৭