‘স্যারের দুই শ, আমরার পঞ্চাশ’
স্বাস্থ্যবিষয়ক সনদ দেওয়ার কথা বিনা মূল্যে। কিন্তু প্রত্যেকের কাছ থেকে নেওয়া হচ্ছে ২৫০ টাকা। এই অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয় থেকে সনদ নিতে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকেরা।
নাম প্রকাশ না করার শর্তে সিভিল সার্জন কার্যালয়ের কয়েকজন কর্মচারী টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, টাকা নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
আজ সোমবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে দেখা গেছে, সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষকেরা স্বাস্থ্যবিষয়ক সনদ নিতে লাইনে দাঁড়িয়ে আছেন। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করে সিভিল সার্জন কার্যালয়ের কয়েকজন অফিস সহকারী বিনা মূল্যের ‘স্বাস্থ্যবিষয়ক সনদ’ দিচ্ছেন। কারণ জানতে চাইলে একজন অফিস সহকারী বলেন, ‘স্যারের (সিভিল সার্জন) দুই শ, আমরার পঞ্চাশ।’
চিকিত্সাসনদ নিতে আসা জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষকের ভাষ্য, কোনো রসিদ ছাড়াই তাঁদের কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে। রসিদ চাইলে তাঁদের বলা হয়, ‘রসিদ লাগবে না। স্যারের স্বাক্ষর করা সনদই রসিদ।’
নাসিরনগর উপজেলা থেকে আসা সঞ্জয় দেব ও নাজমুল হুদা প্রথম আলো ডটকমকে বলেন, আড়াই শ টাকা দেওয়ার পর তাঁদের স্বাস্থ্যবিষয়ক সনদ দেওয়া হয়। টাকা নেওয়ার বিপরীতে কোনো রসিদ দেওয়া হয়নি। এমনকি তাঁদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়নি। শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর এমনভাবে উেকাচ দিতে তাঁরা অপমানিত বোধ করছেন।
এ ব্যাপারে সিভিল সার্জন কার্যালয়ের একজন অফিস সহকারী বলেন, ‘সনদ দিতে কোনো ফি নির্ধারণ করা না থাকলেও খরচ বাবদ কিছু টাকা রাখা হয়েছে।’ তবে রসিদের বিষয়টি তিনি এড়িয়ে যান। স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে তাঁর ভাষ্য, স্বাস্থ্য পরীক্ষা করতে হলে প্রার্থীদের অতিরিক্ত টাকা খরচ ও ঝামেলা হতো। তাই এমনিতেই সনদ দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী প্রথম আলো ডট কমকে বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’







Reaz Mahmud ( দোহা-কাতার)
২০১২.০৯.০৩ ২০:৫১ONEENDA HANNAN PRAMANIK
২০১২.০৯.০৩ ২১:৩২Mohammad Rashedul Hasan
২০১২.০৯.০৩ ২১:৫৭Masuk Hridoy
২০১২.০৯.০৩ ২২:০৪MMRAHMAN
২০১২.০৯.০৩ ২২:২৮