মাদাগাস্কারে ৬০ গরুচোর নিহত
মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলীয় আনোসি গ্রামে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে কমপক্ষে ৬০ জন চোর নিহত হয়েছে। দেশটির পুলিশ বাহিনীর বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়। ঘটনাটি কবে ঘটেছে, এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
খবরে বলা হয়, রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের ওই গ্রামে গরুচোরদের সঙ্গে লড়াইয়ে গ্রামবাসী পাথর, কুড়াল ও বর্শা ব্যবহার করে।
অন্য এক ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে চোরদের সংঘর্ষে ১০ জন মারা গেছে। প্রতিবেদনে বলা হয়, পশু চুরি মাদাগাস্কারে অন্যতম বড় সমস্যা। কিছু প্রভাবশালী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা পেয়ে চোরদের কয়েকটি বড় দল গড়ে উঠেছে। পুলিশ জানায়, ওই এলাকায় চোরেরা যাতে প্রতিশোধমূলক হামলা চালাতে না পারে, এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






