লিমনের বাসায় বামপন্থী নেতারা

‘লিমন নয়, রাষ্ট্রই পঙ্গু হয়ে গেছে’

ঝালকাঠি প্রতিনিধি | তারিখ: ১৫-০৯-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল লিমন হোসেনের কাউখালী

গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল লিমন হোসেনের কাউখালীর বাসায় তার সঙ্গে দেখা করে

ছবি: প্রথম আলো

র‌্যাবের গুলিতে বাঁ পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের সঙ্গে দেখা করেছে গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে লিমনের ভাড়া বাসায় যান বামপন্থী নেতারা।
এ সময় লিমনের মা হেনোয়ারা বেগম ও মামা সিদ্দিক হাওলাদার উপস্থিত ছিলেন। নেতারা প্রায় এক ঘণ্টা লিমন ও তার পরিবারের সঙ্গে কথা বলেন।
গত বছরের ২৩ মার্চ লিমনের ওপর র‌্যাবের নির্যাতনের ঘটনার বর্ণনা শুনে পঙ্কজ ভট্টাচার্য সাংবাদিক ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘রাষ্ট্রের একটি বাহিনীর গুলিতে লিমন পঙ্গু হয়েছে। লিমন পঙ্গু হওয়ার পর রাষ্ট্র তার খোঁজখবর নেয়নি। এ থেকে প্রমাণিত হয়, লিমন নয়, রাষ্ট্রই পঙ্গু হয়ে গেছে।’ পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘লিমনের ওপর নির্যাতনের ঘটনায় সরকারের বিভিন্ন সংস্থা প্রধানমন্ত্রীকে যেসব তথ্য দিয়েছে, তা ছিল ভুল। লিমনের প্রকৃত ঘটনা জানার জন্য প্রধানমন্ত্রীর উচিত নির্ভরযোগ্য লোক পাঠিয়ে তদন্ত করা। লিমনের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ তিনি আরও বলেন, সরকারের ভুলের কারণে আজ পত্রপত্রিকায় ‘লিমন বনাম রাষ্ট্র’ শিরোনাম দিয়ে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লেখা হয়। সরকারের উচিত ছিল, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী লিমনের চিকিৎসার ব্যয়ভার নেওয়া; কিন্তু সরকার তা করেনি। লিমনের পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার ভুল শোধরাতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পঙ্কজ ভট্টাচার্যের মুঠোফোনে ফোন করে লিমনের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিদলে ছিলেন গণঐক্যের সদস্যসচিব এস এম এ সবুর, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, গণঐক্যের দপ্তর সম্পাদক আবদুল মুনায়েম নেহেরু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল।
প্রতিনিধিদলের কাছে লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘র‌্যাবের নিষ্ঠুর নির্যাতনের পর এখন তাদের সোর্স ইব্রাহিম ও মানিক জমাদ্দার আমাদের ওপর হামলা-মামলা করে বাড়িঘর দখল করে নিতে চাইছে।’
লিমন বলে, ‘র‌্যাবের সোর্স ইব্রাহিমের হামলার কারণে এখন আমি একটি কানে কম শুনি। ওদের ভয়ে বাড়িতে না থেকে কাউখালীতে থাকি। র‌্যাবের করা দুটি মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
বরিশাল অফিস জানায়, ‘বিএনপি স্বাধীনতা ঘোষণার দাবি করে, আবার যুদ্ধাপরাধী জামায়াতকে সঙ্গে নিয়েছে। জামায়াতকে কাঁদে নিয়ে চলবেন আর মুক্তিযুদ্ধের কথা বলবেন, তা হয় না। জামায়াতকে ত্যাগ করুন। জামায়াতের নেতৃত্বে সরকার হবে, সেটা মেনে নেওয়া যায় না।’
বরিশালের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণঐক্যের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য। গতকাল বিকেল পাঁচটায় নগরের অশ্বিনীকুমার হলে গণঐক্য বরিশাল জেলার আহ্বানে ওই সমাবেশ হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

alamin

alamin

২০১২.০৯.১৫ ১১:২৮
সরকারের উচিত ছিল, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী লিমনের চিকিৎসার ব্যয়ভার নেওয়া; কিন্তু সরকার তা করেনি। সরকার শুধু নিজেদের সুবিদার জায়গায় উচ্চ আদালতের দোহাই দেয় !!!!!!!!!
২০১২.০৯.১৫ ১২:১৭
র‍্যাব কে উঠিয়ে দেয়া উচিত । এরা আইন শৃঙ্খলা বাহিনীর কলঙ্ক।

karim uddin

karim uddin

২০১২.০৯.১৫ ১৪:৪৪
Absolutely right.