টিম আন্নায় বিভক্তি

অনলাইন ডেস্ক | তারিখ: ২০-০৯-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
আন্না হাজারে ও অরবিন্দ কেজরিওয়াল

আন্না হাজারে ও অরবিন্দ কেজরিওয়াল

আন্না হাজারের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী জোট ‘টিম আন্না’য় বিভক্তি দেখা দিয়েছে। জোটের অন্যতম সদস্য অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক দল গড়তে চাইলে এর বিরোধিতা করেন আন্না হাজারে। এই বিরোধের জের ধরে কেজরিওয়ালের সমর্থকদের সঙ্গে আলোচনার পর বিভক্তির সিদ্ধান্ত নেন আন্না।
‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, রাজনৈতিক দল গঠন নিয়ে কেজরিওয়াল ও আন্না হাজারের সমর্থকদের মধ্যে নয় ঘণ্টার আলোচনায় তুমুল বাগবিতণ্ডা হয়। কেজরিওয়াল তাঁর সমর্থক প্রশান্ত ভূষণ ও শান্তি ভূষণ রাজনৈতিক দল গঠনের ইচ্ছা পোষণ করেন। এ সময় কিরণ বেদি ও বিচারপতি সন্তোষ হেজের সমর্থনপুষ্ট আন্না কেজরিওয়ালের রাজনৈতিক দল গঠনের বিরোধিতা করেননি। তবে এ দলে তাঁর নাম বা ছবি ব্যবহার করা যাবে না বলেও পরিষ্কার জানিয়ে দেন। আন্নার এ সিদ্ধান্তের পর মূলত জোট দ্বিধাবিভক্ত হয়ে যায়।
দলে বিভক্তি প্রসঙ্গে আন্না সাংবাদিকদের বলেন, ‘জোটের মধ্যে বিভক্তি দুঃখজনক। আমি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো দলে যোগ দেব না। আমি তাঁদের প্রচারণায়ও অংশ নেব না।’ তিনি আরও বলেন, ‘আমি তাঁদের (কেজরিওয়াল-সমর্থক) বলেছি, তাঁরা যেন প্রচারণায় আমার ছবি বা নাম ব্যবহার না করেন। আলাদাভাবে আন্দোলন করেন।’
কেজরিওয়ালের সমর্থকদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে আন্না বলেন, ‘আমার শুভকামনা রইল তাঁদের প্রতি। এতে কোনো ক্ষতি নেই। তাঁরা যদি মনে করেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাহলে এটি ভালোই বলতে হবে।’ তিনি বলেন, ‘পথ ভিন্ন হয়ে গেছে। আমরা নিজ নিজ পথ বেছে নিয়েছি।’
কেজরিওয়াল তাঁর এক টুইটার বার্তায় বলেন, ‘দেশ বিক্রি হয়ে যাচ্ছে। চলছে চরম দুঃসময়। তাই দেশ রক্ষায় সম্ভাব্য সবকিছুই করব আমি।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন