কংগ্রেসের স্বর্ণপদক নিলেন সু চি

অনলাইন ডেস্ক | তারিখ: ২০-০৯-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
মার্কিন কংগ্রেসের সর্বোচ্চ নাগরিক পুরস্কার কংগ্রেসনাল গোল্ড মেডেল হাতে হাস্যোজ্জ্বল অং সান সু

মার্কিন কংগ্রেসের সর্বোচ্চ নাগরিক পুরস্কার কংগ্রেসনাল গোল্ড মেডেল হাতে হাস্যোজ্জ্বল অং সান সু চি।

ছবি . রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সশরীরে হাজির হয়ে মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সর্বোচ্চ নাগরিক সম্মাননা (কংগ্রেসনাল গোল্ড মেডেল) গ্রহণ করেছেন। ২০০৮ সালে তাঁকে এই পুরস্কারে ভূষিত করার সময় তিনি গৃহবন্দী ছিলেন।
‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, ১৫ বছর গৃহবন্দী থেকে সামরিক জান্তার বিরুদ্ধে শান্তিপূর্ণ উপায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছিল।
পুরস্কার হাতে ৬৭ বছর বয়সী সু চি বলেন, ‘এটা আমার জীবনের সেরা দিনগুলোর অন্যতম।’
বিবিসির খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ ওয়াশিংটনের ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার পর সু চি বলেন, ‘আপনাদের সঙ্গে মিয়ানমারের গণতন্ত্রপ্রেমী মানুষের যে বন্ধুত্ব ও সৌহার্দ্য তৈরি হয়েছে, এর মধ্য দিয়ে আমাদের গত কয়েক দশকের কষ্ট লাঘব হবে।’
সু চি বলেন, অনেক ত্রুটি থাকা সত্ত্বেও গণতন্ত্র ‘আশার আলো’ হয়ে থেকে গেছে। উপস্থিত শ্রোতাদের তিনি বলেন, মিয়ানমারসহ অনেক দেশে এখনো অনেক মানুষের কাছে স্বাধীনতা একটি ‘স্বপ্ন’। গণতন্ত্রকামী এই নেত্রী আশা প্রকাশ করেন, ‘সামনে হয়তো অনেক সমস্যা আসবে। তবে আমার বিশ্বাস, বন্ধুদের সহায়তায় এসব বাধা উতরে যেতে পারব।’
সু চি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করেন। এর আগে মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয়, তারা মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২০১১ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম শুরু হওয়ার পর দেশটির ওপরে জারি করা নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Tanbirul Islam

Tanbirul Islam

২০১২.০৯.২০ ১৫:২৩
Next year Dr. Yunus will receive this award.