বিশ্ব অর্থনীতি

জাপানে ক্ষমতার পালাবদলে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী

অর্থ ও বাণিজ্য ডেস্ক | তারিখ: ১৯-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
পর্দায় লেনদেন দেখছেন বিনিয়োগকারীরা

পর্দায় লেনদেন দেখছেন বিনিয়োগকারীরা

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে ক্ষমতার পালাবদল ও মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা ইয়েনের বিনিময় হার প্রত্যাশা অনুযায়ী কমতে থাকায় দেশটির শেয়ারবাজারে ইতিবাচক হাওয়া বইছে।
সাধারণ নির্বাচনের পরদিন সোমবার দেশটির শেয়ারবাজারের প্রধান সূচক নিক্কি ২২৫ বাড়ে ১ শতাংশ। গতকাল মঙ্গলবার তা শূন্য দশমিক ৯৬ শতাংশ বা ৯৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে।
অন্যদিকে সোমবার ডলারের বিপরীতে ইয়েনের দর কমে গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এদিন প্রতি ডলার ৮৪ দশমিক ৪৮ ইয়েনে বিনিময় হয়। গতকাল এই হার ছিল ৮৪ দশমিক শূন্য ২ ইয়েন।
জাপানে গত রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শিনজো অ্যাবের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিপুল ব্যবধানে জয়ী হয়। ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিতে থাকা এই নেতা এরই মধ্যে মুদ্রানীতি শিথিল করার কথা বলেছেন। তিনি গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। সে অনুযায়ী ব্যাংক অব জাপান আজ তা ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে।
বিজয়ী শিনজো অ্যাবে এরই মধ্যে জানিয়েছেন, তিনি দেশীয় মুদ্রা ইয়েনের দর কমাতে এবং মূল্যস্ফীতি সর্বোচ্চ ২ শতাংশের মধ্যে সীমিত রাখতে চান।
কয়েক বছর ধরে জাপানের অর্থনীতি নানা কারণে খারাপ যাচ্ছে। এর একটি বড় অনুঘটক হলো তাদের মুদ্রা ইয়েনের বিনিময় হার বেড়ে যাওয়া। কারণ, ইয়েনের দর বাড়ার কারণে বিদেশিদের কাছে জাপানি পণ্যের দাম বেড়ে যায়। এতে জাপানি রপ্তানিকারকদেরও মুনাফা হ্রাস পায়। প্রকারান্তরে প্রবৃদ্ধি অর্জনে রপ্তানি খাতের অবদান কমেছে।
এদিকে জাপানি ইয়েনের দামে সাম্প্রতিককালে বেশ অস্থিরতা লক্ষ করা গেছে। ২০১১ সালের এপ্রিল থেকে চলতি ২০১২ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ৬ শতাংশ বেড়েছে। সূত্র: বিবিসি ও এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন