জামায়াতের নেতা শফিকুর ও তাসনীম রিমান্ডে

আদালত প্রতিবেদক | তারিখ: ১৯-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আইনমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তেজগাঁও থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে হাজারীবাগ থানার একটি মামলায় চার দিনের রিমান্ড শেষে গতকাল শফিকুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে তেজগাঁও থানার মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তাতে বলা হয়, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শিবিরের কর্মীরা আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়ির বহরে হামলা চালান। ওই হামলার পরিকল্পনাকারী ছিলেন শফিকুর রহমান। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
একই সঙ্গে শফিকুর রহমানের জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। তাঁরা বলেন, আসামি শফিকুর রহমান একজন বয়স্ক লোক। তিনি অসুস্থ, তাঁর ডায়াবেটিস ও হূদ্যন্ত্রে সমস্যা আছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
প্রসঙ্গত, গত বুধবার ধানমন্ডির বাসা থেকে শফিকুর রহমানকে আটক করা হয়।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন মহানগর হাকিম তানবীর আহমেদ।
তাসনীম আলমসহ জামায়াতের আরেক নেতা জসিম উদ্দিনকে গতকাল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। আবেদনে বলা হয়, আসামিরা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, রাষ্ট্রের নিন্দা করা, দাঙ্গা বাধানোর চেষ্টা, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর আক্রমণ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করে। আদালত তা নাকচ করে দেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন