আবারও ‘দুই অধিনায়ক-তত্ত্ব’ নিয়ে সৌরভ
সৌরভ গাঙ্গুলি
অনেকেই বলেন, ভারতে প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন চাকরিটি করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কথাটি রূপক অর্থে বলা হলেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের কাছে মানুষের প্রত্যাশা ও এই পদের চাপ নেহাতই কম নয়; বরং কোনো কোনো ক্ষেত্রে ভারতের অনেক বড় পদ-পদবির মানুষের চেয়েও বেশি। ক্রিকেট দলের অধিনায়কের ‘তপ্ত কেদারা’য় যিনি বসেন, তাঁকে সব সময়ই খেয়াল রাখতে হয় তাঁর ও তাঁর দলের প্রতি গণমানুষের আকাশচুম্বী প্রত্যাশার ব্যাপারটি। সবকিছুর বিচার-বিবেচনায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদটিকে প্রধানমন্ত্রীর পদের কাছাকাছি আনা যেতেই পারে।
আপাতত ভারতীয় অধিনায়কের পদের উত্তাপ টের পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। অতীতে অনেকেই টের পেয়েছেন এই পদের উত্তাপ। অজিত ওয়াদেকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, মোহাম্মদ আজহারউদ্দিন এমনকি শচীন টেন্ডুলকার—সবাই ক্যারিয়ারের কোনো না-কোনো সময় বুঝেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়া কত প্রকার ও কী কী! ইংল্যান্ডের বিপক্ষে অসম্মানজনকভাবে হোম সিরিজ হারের পর ‘বিশ্বজয়ী’ অধিনায়ক ধোনির অবস্থাও তাঁর পূর্বসূরিদের অভিজ্ঞতামতোই। কিন্তু কেবল ব্যর্থতার ধুয়া তুলে অধিনায়কের পদকে ‘মিউজিক্যাল চেয়ারে’ রূপান্তরিত করাটা কি ঠিক? একজন অভিজ্ঞ অধিনায়ক দু-একটি সিরিজে ভালো করতে পারেননি বলেই কি হঠাত্ করে একজন প্রতিভাবান তরুণকে অধিনায়ক বানিয়ে দিতে হয়! ভারতের আরেক সাবেক ও খুব সম্ভবত সবচেয়ে সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ভাবনটাও ঠিক এমনই।
সৌরভ অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তটি ভেবে-চিন্তে নেওয়ার পক্ষপাতী। সুনীল গাভাস্কারের কথামাফিক হুট করে বিরাট কোহলির মতো তরুণদের কাঁধে এত বড় বোঝা চাপিয়ে দেওয়ার পক্ষে তিনি নন। আপাতত মহেন্দ্র সিং ধোনির কাজের বোঝা কমাতে বিভিন্ন ফরম্যাটে একাধিক অধিনায়কের তত্ত্বটির পক্ষে মতামত তাঁর।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারতীয় ক্রিকেটে একাধিক অধিনায়কের তত্ত্বটি প্রয়োগ করার এখনই সময়।’
তিনি ধোনিকে আসন্ন পাকিস্তান সিরিজের পরপরই নির্বাচকদের সঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধোনির উচিত হবে নির্বাচকদের সঙ্গে বসে ঠিক করা, সে কোন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্বটি কাঁধে নিতে চায়।
সৌরভের মতে, ইদানীং অনেক বেশি ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। মৌসুমের মাঝখানে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলও কম চাপের নয়। ওখানেও ধোনি অধিনায়কত্ব করছে একটি দলের। সুতরাং একাধিক অধিনায়কের তত্ত্বটি প্রয়োগ করলে ভারতীয় ক্রিকেটই উপকৃত হবে।
একাধিক অধিনায়কের তত্ত্বটি ভারতীয় ক্রিকেটের জন্য কতটা উপযোগী—এমন এক প্রশ্নের জবাবে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এটা অবশ্যই উপযোগী এবং ভারতীয় ক্রিকেটে এই তত্ত্ব প্রয়োগে কোনো ক্ষতি নেই।’
অধিনায়ক না হলে ধোনি ভারতের টেস্ট দলে জায়গা পেতেন কি না, এমন একটি বিতর্ক ইদানীং খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। সৌরভ গাঙ্গুলি মনে করেন, ‘ধোনি ভারতীয় টেস্ট দলের জন্য এখনো গুরুত্বপূর্ণ। এর সবচেয়ে বড় প্রমাণ নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংস।’ ওই ইনিংসে কঠিন পরিস্থিতিতে ধোনির ব্যাট থেকে বেরিয়ে আসা ৯৯ রানের ইনিংসটির প্রশংসা করে সৌরভ বলেন, ‘এই ইনিংসই প্রমাণ করেছে ধোনি টেস্ট দলের জন্য এখনো গুরুত্বপূর্ণ। অধিনায়ক না হলেও সে ভারতীয় টেস্ট দলের জন্য নির্বাচকদের “স্বয়ংক্রিয় পছন্দ”।’
একদিনের ক্রিকেটে ধোনিকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ই মনে করেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘একদিনের ক্রিকেটে ধোনির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা বাড়াবাড়ি। সে এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং তার রেকর্ডও আমার এই মন্তব্যের সপক্ষেই কথা বলছে।’ টিএনএন।








md arifur
২০১২.১২.১৯ ২৩:১৩