আজ ‘চোরাবালি’র উদ্বোধনী প্রদর্শনী (ভিডিও)
চোরাবালি’ ছবির দৃশ্যে ইন্দ্রনীল সেনগুপ্ত ও জয়া আহসান
বাংলাদেশের জয়া আহসান ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর শুক্রবার। এ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রথম আলো ডটকমকে ছবি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রেদওয়ান রনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটি মুক্তি দেওয়ার জন্য আমি বড়দিন আর ইংরেজি নববর্ষের আগের সময়টাকে বেছে নিয়েছি।’
চোরাবালি রেদওয়ান রনি নির্মিত প্রথম চলচ্চিত্র। গত ২৭ নভেম্বর ছবিটি বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘চোরাবালি আমার প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র আমার কাছে প্রথম সন্তানের মতো। সন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হওয়াতে আনন্দের মাত্রাটা অনেক বেশি।’
চোরাবালি ছবিটি নির্মিত হয়েছে স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট ও মাছরাঙা প্রোডাকশনসের ব্যানারে। স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্টের কর্ণধার সালেহীন স্বপন বলেন, ‘চোরাবালি চলচ্চিত্রের পুরো ইউনিটের দীর্ঘ দুই বছরের পরিশ্রম সফলতার মুখ দেখতে যাচ্ছে। আশা করছি, চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন দর্শকরা।’
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সেন্সর বোর্ডে চোরাবালি ছবিটি প্রদর্শিত হয়। এরপর সেন্সর বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতে ২৭ নভেম্বর চোরাবালি চলচ্চিত্রটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়া হয়।
জয়া আহসান এবং ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও চোরাবালি চলচ্চিত্রের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সালেহীন স্বপন, হিল্লোল, পিয়া, এটিএম শামসুজ্জামান, সোহেল রানা প্রমুখ।
পাঠকের মন্তব্য
- ২০১২.১২.১৯ ১৭:২৯
- looking good,wait for watching......






