শিরোনাম:

দুই ঈশ্বর কণার সন্ধান!

অনলাইন ডেস্ক | তারিখ: ১৯-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

‘লার্জ হ্যাড্রন কলাইডার’ বা এলএইচসি সংশ্লিষ্ট গবেষকেরা জানিয়েছেন, একটি নয়, তাঁরা সম্ভবত দুইটি হিগস বোসন কণা বা ঈশ্বর কণার সন্ধান পেয়েছেন। গবেষকেরা জানিয়েছেন, তাঁরা আলাদা আলাদা ভর বিশিষ্ট দুটি নতুন কণার সন্ধান পেয়েছেন। ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর বিজ্ঞানীরা বলছেন, এ কণার কাঠামো ও আচরণ হিগস-বোসন তত্ত্বের উল্লিখিত কণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি কণার ভর ১২৩.৫ গিগাইলেকট্রন ভোল্ট ও আরেকটির ভর ১২৬.৬ গিগাইলেকট্রনিক ভোল্ট।
চলতি বছরের আলোচিত একটি ঘটনা হচ্ছে ঈশ্বর কণা বা হিগস বোসন কণার সন্ধান লাভ। হিগস বোসন তত্ত্ব প্রকাশের পাঁচ দশকেরও বেশি সময় পরে গবেষকেরা ‘লার্জ হ্যাড্রন কলাইডার’ বা এলএইচসিতে ঘটানো মিনি বিগ ব্যাংয়ের তথ্য বিশ্লেষণ করেন। চলতি বছরের জুলাই মাসে বহুল আলোচিত ‘ঈশ্বর কণা’ সদৃশ একটি অতি-পারমাণবিক কণা আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন তাঁরা।
হিগস-বোসন কণার নাম এসেছে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পিটার হিগস ও বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে। বিগ ব্যাং নামের মহাবিস্ফোরণের পর মহাবিশ্ব সৃষ্টিতে এ কণাটি প্রধান ভূমিকা রেখেছে বলে তারা তত্ত্বের ইঙ্গিত দেন, যা পরে ‘ঈশ্বর কণা’ নামে পরিচিতি পায়। গবেষকেদের মতে, ভর সৃষ্টির জন্য এ কণাটির ভূমিকা রয়েছে।
২০১০ সালে জেনেভার কাছাকাছি ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তবর্তী ইউরোপীয় পরমাণু গবেষণা কেন্দ্র সার্নে মাটির নিচে সুড়ঙ্গে মিনি বিগ ব্যাং ঘটান বিজ্ঞানীরা। সেখানে আলোর গতির কাছাকাছি অতি উচ্চমাত্রায় কণিকাগুলোর সংঘর্ষ ঘটানো হয়। দুই দফা চলে পরীক্ষা। ওই সুড়ঙ্গ পথটিকে বলা হয় ‘লার্জ হ্যাড্রন কলাইডার’ বা এলএইচসি। ২৭ কিলোমিটার সুড়ঙ্গ পথে আলোর গতির কাছাকাছি এক ন্যানো সেকেন্ডে রেকর্ড সাত বিলিয়ন বিলিয়ন ইলেকট্রন ভোল্ট ক্ষমতায় পরীক্ষা চালানো হয়।
চলতি বছরের ৪ জুলাই গবেষকেরা হিগস বোসন সদৃশ একটি কণা আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন। সেসময় গবেষকেরা আরও পরীক্ষা-নিরীক্ষা চালানোর কথা জানিয়েছিলেন। সম্প্রতি গবেষকেরা জানিয়েছেন, তারা সম্ভবত একাধিক হিগস বোসন কণার খোঁজ পেয়েছেন। তবে, গবেষকেরা নতুন এ তথ্য আরও পরীক্ষা করে দেখছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন