যৌন ব্যবসার অভিযোগ থেকে মুক্তি পেলেন না স্ত্রস কান
যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থেকে মুক্তি চেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ত্রস কানের করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
ফ্রান্সের দুরাই শহরের একটি আদালত আজ স্ত্রস কানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি চালিয়ে যাওয়ার আদেশ দেন।
অভিযোগ আছে, স্ত্রস কান ও তাঁর লোকেরা যৌনকর্মীদের সঙ্গে নিয়ে যৌনতা ভোজ আয়োজন করেছিলেন। আজ আদালত এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেন।
আল জাজিরা জানায়, ফ্রান্সের উত্তরে অভিজাত শ্রেণীর জন্য যৌনকর্মী সরবরাহের অভিযোগে স্ত্রস কান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এ মামলা করা হয়। ‘কার্লটন অ্যাফেয়ার’ নামের বহুল আলোচিত এ অভিযোগের বিষয়ে চালানো তদন্তে দেখা যায়, ফ্রান্সের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত স্ত্রস কান ইন্টারকন্টিনেন্টাল কার্লটন ক্যানস নামের অভিজাত হোটেলটিতে যৌনকর্মীদের নিয়ে যৌনতা ভোজের আয়োজন করতেন। এ ঘটনা প্রকাশিত হলে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন স্ত্রস কান। তবে কানের আইনজীবীদের একজন হেনরি লেখরেক অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে। হেনরি বলেন, তাঁদের মক্কেল একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। কিন্তু তিনি জানতেন না, সেখানে কিছু নারীকে ভাড়ায় আনা হয়েছিল। এ ছাড়া তদন্তকারী বিচারক পক্ষপাতদুষ্ট রায় দিয়েছেন বলে তিনি জানান।
এর আগে ২০১১ সালের মে মাসে নিউইয়র্কের এক হোটেল পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্ত্রস কানের বিরুদ্ধে। গত সপ্তাহে এ অভিযোগটি মীমাংসা করার ঠিক পর স্ত্রস কানের বিরুদ্ধে ফ্রান্সের আদালত এ রায় দিলেন।







palash
২০১২.১২.১৯ ২২:০৮