আবারও ক্যানসারের আশঙ্কা বার্সা কোচের
লসিকাগ্রন্থিতে ক্যানসার সংক্রমণের আশঙ্কা ছিল। এ কারণে গত মাসে অস্ত্রোপচারও করিয়েছেন টিটো ভিলানোভা। তবে স্প্যানিশ একটি দৈনিকের বরাত দিয়ে আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই জায়গায় আবারও ক্যানসার সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন বার্সা কোচ।
এদিকে এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, বড়দিন উপলক্ষে ক্লাবের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে এর কারণ জানানো হয়নি। বার্সা প্রেসিডেন্ট স্যান্দ্রো রসেল আজ সকালে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, অনুষ্ঠান বাতিলের কারণ পরে জানানো হবে।
৪৪ বছর বয়সী ভিলানোভার ক্যানসার সংক্রমণের আশঙ্কার খবরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় মিডফিল্ডার জাভি বলেছেন, ‘খবরটা শুনে খুব খারাপ লাগছে।’
গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন পেপ গার্দিওলা। নিজেদের ইতিহাসে সেরা এই কোচের উত্তরসূরি নির্বাচন করতে এতটুকু সময় নেয়নি বার্সা। গার্দিওলার বিদায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর সহকারী টিটো ভিলানোভাকে নতুন কোচ হিসেবে ঘোষণা করে স্প্যানিশ জায়ান্টরা।
চার বছরে বার্সেলোনাকে ১৪টি শিরোপা এনে দেন গার্দিওলা। টিটো ভিলানোভা বার্সার দায়িত্ব নেওয়ার সময়ই স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল—তিনি কি পূর্বসূরি গার্দিওলার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন?
ভিলানোভা পেরেছেন। তাঁর অধীনে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে এগিয়ে চলেছে বার্সেলোনা। লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১৫টিতে জয়, একটিতে ড্র। লিগে বাকি আরও ৩২ ম্যাচ। এরই মধ্যে শিরোপার সুবাস পেতে শুরু করেছে ভিলানোভার দল। এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারত?
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







