টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব ওবামা

অনলাইন ডেস্ক | তারিখ: ১৯-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দ্বিতীয়বারের মতো টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তির তালিকায় শীর্ষস্থান দখল করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ বুধবার বর্ষসেরা ব্যক্তিদের নাম ঘোষণার সময় ওবামাকে ‘নতুন আমেরিকার নির্মাতা’ হিসেবে উল্লেখ করেছে টাইম ।
সাময়িকীর সম্পাদক রিক স্টেনজেল বলেন, ‘তিনি (ওবামা) মূলত নতুন জনগোষ্ঠী ও নতুন সংস্কৃতির আমেরিকার নির্মাতা।’
মাইকেল স্কেরার নামে টাইমের একজন প্রদায়ক এক নিবন্ধে বলেন, ‘দ্বিতীয়বারের মতো ওবামার শীর্ষস্থান দখলের অনেক কারণ আছে। তবে সবচেয়ে বড় কারণটি হলো যুক্তরাষ্ট্রে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ওবামার জনপ্রিয়তা।
টাইমের মতে, চরম বেকারত্ব ও অন্যান্য চ্যালেঞ্জ সত্ত্বেও গত ৬ নভেম্বরের নির্বাচনে ওবামার নিরঙ্কুশ বিজয় তাঁর শীর্ষস্থান দখলের অন্যতম কারণ।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ১০ শতাংশ। কিন্তু চলতি বছরের নভেম্বরে তা ৭.৭ শতাংশে নামিয়ে আনা হয়। এ ক্ষেত্রে ওবামার সাফল্য তাঁকে টাইমের বর্ষসেরা ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান করে নিতে সাহায্য করেছে।
যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনের ‘টুডে’ অনুষ্ঠানে স্টেনজেল বলেন, ‘গত ৭০ বছরে এত বেশি বেকারত্ব মোকাবিলা করতে হয়নি কোনো প্রেসিডেন্টকে। এর পরও এ চ্যালেঞ্জ সামলে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন ওবামা। তিনি বলেন, ‘ওবামাই প্রথম ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট, যিনি দুবার জয়লাভ করেছেন ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে। ‘কর্তৃত্বহীনতার’ যুগে ওবামা তাঁর কর্তৃত্ব বজায় রাখতে পেরেছেন।’
টাইমের বর্ষসেরা ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন পাকিস্তানের নারী-আন্দোলনের অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাই। আলোচিত অন্যদের মধ্যে অ্যাপল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী টিম কুক ও মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি উল্লেখযোগ্য। রয়টার্স।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন