কুড়িগ্রামের প্রথম আলো চর স্কুলকে অনুদান দিল সামিট পাওয়ার
কুড়িগ্রামের প্রথম আলো চর স্কুলকে অনুদান দিল সামিট পাওয়ার। এখন থেকে এই স্কুল পরিচালনার জন্য নিয়মিত অর্থ সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে সামিট পাওয়ার লিমিটেড।
গতকাল মঙ্গলবার প্রথম আলোর কার্যালয়ে সামিট পাওয়ার লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর আয়েশা আজিজ খান ও ডিরেক্টর আজিজা আজিজ খান প্রথম আলো ট্রাস্টকে স্কুলের জন্য চার লাখ ১০ হাজার টাকার একটি চেক দিয়েছেন।
কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের অন্তর্গত প্রথম আলো চরে প্রায় ৩৭০টি পরিবার ও আনুমানিক এক হাজার ৮৫০ জন মানুষের বাস। ২৫০ জন স্কুলগামী বয়সের ছেলেমেয়ে আছে এখানে। ২০১০ সালে স্কুলটি অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ বছরের ২৬ ফেব্রুয়ারি প্রথম আলো ট্রাস্টের পক্ষে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান স্কুলটির উদ্বোধন করেন।
বর্তমানে ১৮৫ জন শিক্ষার্থী ওই স্কুলে পড়াশোনা করছে। প্রত্যেক শিক্ষার্থীকে দিনে পুষ্টিকর বিস্কুট দেয়া হয়। বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল আছে। আরও আছে একটি শৌচাগার। সব ছাত্রছাত্রীকে বিনা মূল্যে স্কুলের পোশাক দেওয়া হয়েছে। দুজন শিক্ষক দেখাশোনার দায়িত্ব পালন করছেন। স্কুলটি এ অঞ্চলের শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






