বাংলাদেশ টেলিভিশন
-
মায়ের কাছে যাব নাটকে ফেরদৌসী মজুমদার
-
শঙ্খচূড় নাটকে আহাম্মেদ গিয়াস ও ফারজানা ছবি
-
আনন্দমেলায় রবি চৌধুরী ও শাকিলা জাফর
-
বাবা আই লাভ ইউ নাটকে বন্যা মির্জা, রাওজাত ও মিলন
মায়ের কাছে যাব
বিটিভিতে মঙ্গলবার রাত সাড়ে আটটায় প্রচারিত হবে নাটক মায়ের কাছে যাব। লিখেছেন প্রসূন রহমান। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শামস্ সুমন, নুসরাত ইয়াসমিন, মাহফুজ আহমেদ, ফারাহ রুমা প্রমুখ।
অনেক কষ্টে তিন সন্তানকে সুশিক্ষায় বড় করে তোলেন গ্রামের এক বিধবা মা। তাঁর বিশ্বাস—একদিন তাঁর মুখ উজ্জ্বল করবেন সন্তানেরা। কিন্তু সন্তানেরা ক্রমেই জীবিকার প্রয়োজনে ব্যস্ত হয়ে ওঠেন নগরে। ফেলে আসা গ্রাম, শেকড় আর মায়ের কাছে তাদের আর ফেরার সময় হয়ে ওঠে না। এদিকে সারা বছর ধরে মা অপেক্ষায় থাকেন, তাঁর ছেলেরা গ্রামে আসবে। মাকে দেখতে আসবে। ঈদের সময় অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না। প্রতিবছর ঈদ উপলক্ষে ছেলেরা মাকে কথা দেন, এবার বাড়ি আসবেন। একসঙ্গে ঈদ করবেন। কিন্তু তাঁদের আর আসা হয়ে ওঠে না। কিন্তু মা সেই মিথ্যা আশ্বাসকে বুকে ধরেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করেন।
অভিবাদন
বিটিভিতে ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক অভিবাদন। লিখেছেন বৃন্দাবন দাস, প্রযোজনা করেছেন ফরিদুর রহমান। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, হোমায়রা হিমু, আজিজুল হাকিম, খায়রুল আলম সবুজ, তুষার খান ও শাহনাজ খুশি। মধ্যপ্রাচ্য থেকে পাঠানো মুকুলের কষ্টার্জিত টাকা ধুমধাম করে খরচ করে তার বড় ভাই বারেক। বাজার থেকে বড় রুই মাছ কেনে, বউয়ের জন্য শাড়ি কেনে আর কোরবানির জন্য কিনে আনে গরু। এদিকে মুকুলের চিঠি যাতে তার প্রেমিকা শিউলির হাতে না পড়ে, সে জন্য শিউলির বাবার সতর্কতার অন্ত নেই। তিনি চান না অষ্টম শ্রেণী-পাস মুকুলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হোক। গ্রামের চামচা-চাটুকারের দল যখন বারেককে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়াতে উৎসাহিত করে, ঠিক তখনই দেশে ফিরে আসে মুকুল।
ঈদ আনন্দ উল্লাস
বিটিভিতে ঈদের দিন বেলা সাড়ে তিনটায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ঈদ আনন্দ উল্লাস। অনুষ্ঠানের শিল্পীরা হলেন রফিকুল আলম, আবিদা সুলতানা, লিনু বিল্লাহ, শম্পা রেজা, ফাহমিদা নবী, রবি চৌধুরী, এস ডি রুবেল, আঁখি আলমগীর, গাজী মিজান, ঝর্ণা রহমান, সোহেল মেহেদী। উপস্থাপনা করেছেন ফারজানা মিলি। প্রযোজনা করেছেন জয়নাল আবেদীন সরকার।
ঝংকৃত সুর
বিটিভিতে ঈদের দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে পপ ও ব্যান্ডসংগীতের অনুষ্ঠান ঝংকৃত সুর। এই অনুষ্ঠানে থাকছে শিল্পী ও ব্যান্ডগুলোর নতুন ও পুরোনো গান। এতে অংশ নিয়েছেন ফেরদৌস ওয়াহিদ, জানে আলম, কুমার বিশ্বজিৎ, রেনেসাঁ ও প্রমিথিউস।
উপস্থাপনা করেছেন আসাদ চৌধুরী, প্রযোজনা করেছেন সৈয়দ জামান।
সুর ও ছন্দ
বিটিভিতে ঈদের দিন বিকেল চারটা ৪০ মিনিটে দেখানো হবে নৃত্যানুষ্ঠান সুর ও ছন্দ। বিটিভিতে অন্তর্ভুক্ত একেবারে নতুন শিল্পীদের সঙ্গে থাকছে পুরোনোদের নাচও। সব কয়েকটি নাচই প্রেমের গানের সঙ্গে। নাচগুলোতে অংশ নিয়েছেন ওয়ার্দা রিহাব, তাথৈ, আনিকা, আঁচল, সাথী প্রমুখ।
উপস্থাপনা করেছেন আনিকা, প্রযোজনা করেছেন লায়লা হক।
শঙ্খচূড়
বিটিভিতে বুধবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক শঙ্খচূড়। লিখেছেন মান্নান হীরা। পরিচালনা করেছেন মনিরুল হোসেন। অভিনয় করেছেন ফারজানা ছবি, আহাম্মেদ গিয়াস, আজিজুল হাকিম, খায়রুল আলম সবুজ, তুষার খান, মান্নান হীরা প্রমুখ।
বকুলের খুব প্রিয় তাদের গরু ময়না। হঠাৎ ময়না অসুস্থ হয়। ভালো চিকিৎসা দরকার। কিন্তু অভাবের সংসারে পশুর ডাক্তার এনে গরুর চিকিৎসা করা দুঃসাধ্য ব্যাপার। ময়নার চিকিৎসার জন্য গোপনে তার মৃত মায়ের একমাত্র স্মৃতি শঙ্খচূড়টি বিক্রি করে দেয়। চিকিৎসায় ময়না ভালো হয়ে ওঠে। কিন্তু সংসারের টানাপোড়েনে বকুলের বাবা গোপনে ময়নাকে বিক্রি করে দেয়। বকুল তা মেনে নিতে পারে না, ছুটে যায় রাখাল মনুর কাছে। বকুল তাকে গরুটি নিয়ে পালিয়ে যেতে অনুরোধ করে। মনু রাজি হয়। কিন্তু পথের মধ্যে ঘটে বিপত্তি!
পিতামহী
বিটিভিতে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক পিতামহী। লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আল মনসুর, লীনা ফেরদৌসী, আবীর, সিমু নাজনীন, খলিলুর রহমান কাদরি, ওয়াহিদ লাবু।
রুশনা বেগম গ্রামে থাকেন। স্বামী মারা গেছেন। একমাত্র ছেলে মামুন ঢাকায় থাকেন স্ত্রী আর সন্তানদের নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে চাকরি হারান মামুন। একই সময় তাঁর ছেলের টিউশনিটা চলে যায়। আবার মেয়েটির প্রায় চূড়ান্ত হওয়া বিয়েটাও ভেঙে যাওয়ার উপক্রম। মামুনের এই দুর্দিনে তাঁর মা এসে হাজির। রুশনা বেগম ছেলের কাছ থেকে সব শুনে কাজে নেমে পড়েন। আর কাজটি হলো—পরিবারটিকে এই বিপদ থেকে উদ্ধার করা।
বাবা আই লাভ ইউ
বিটিভিতে বুধবার সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক বাবা আই লাভ ইউ। লিখেছেন শামসুল আলম। পরিচালনা করেছেন হাবিব মাসুদ। অভিনয় করেছেন মিলন, বন্যা মির্জা, রাওজাত, নিথর মাহবুব, নুরে আলম প্রমুখ।
ফারুক, তাহমিনা আর অন্তু—ছোট কিন্তু সুখের সংসার। তাদের স্বপ্ন একটা ছোট বাড়ি, সঙ্গে ছোট্ট গাড়ি। যেন জীবনের গতিটা বাধার সম্মুখীন না হয়। ঢাকা শহরের যানজট দিন দিন তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। গাড়ি কেনা একসময় অপরিহার্য হয়ে পড়ে। স্বপ্নটা বাস্তবে রূপ নেয়। একদিন অফিসে যাওয়ার জন্য নিচে নেমে ফারুক দেখতে পায়, অন্তু রং দিয়ে গাড়িতে কী যেন লিখছে। দূর থেকে ডাক দিতেই অন্তু বাবাকে দেখে ভয় পেয়ে দৌড়ে রাস্তায় বেরিয়ে যায়। বাবা ডাকতে ডাকতে তার পিছু নেয়। অন্তু হঠাৎ রাস্তায় পড়ে যায়। তার হাতের আঙুলের ওপর দিয়ে রিকশার চাকা চলে যায়। একটা আঙুলের অর্ধেক অংশ কেটে ফেলতে হয়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে ফারুক দেখতে পায়, অন্তু রং দিয়ে তার গাড়ির ওপর লিখেছিল, ‘বাবা, আই লাভ ইউ মোর দ্যান ইয়োর কার’।
আনন্দমেলা
বিটিভিতে ঈদের দিন রাত ১০টা ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। গ্রন্থনা করেছেন খায়রুল বাবুই। উপস্থাপনা করেছেন মুনমুন। প্রযোজনা করেছেন আবু তৌহিদ। অনুষ্ঠানে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, রবি চৌধুরী ও নকুল কুমার বিশ্বাস। ঈদের গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান ও সেরাকণ্ঠের সাতজন শিল্পী। থাকছে দর্শকদের অংশগ্রহণে গেম শো। কৌতুক-নাট্য পরিবেশন করেছেন মোশাররফ ইয়াফি, সাইফুল ও শাকিলা। রয়েছে বৃহন্নলাদের নৃত্য-পরিবেশনা। পুরোনো দিনের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন হোমায়রা হিমু, প্রাণ রায়, সাঈদ বাবু, মৌসুমী, দিঘি ও সুব্রত। বিভিন্ন হাসির ও বিদ্রূপাত্মক নাট্যাংশে অভিনয় করেছেন ইনামুল হক, মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, তুষার খান, এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, সিদ্দিকুর রহমান, টেলিসামাদ, নাদের চৌধুরী, আবদুর রাতিন, রফিকুল্লাহ সেলিম প্রমুখ। থাকছে রেডিওর আরজেদের নিয়ে পর্ব।
ঈদ আনন্দ
বিটিভিতে ঈদের দিন সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে প্রচারিত হবে ঈদ আনন্দ। এই ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ নিয়েছেন মন্ত্রী, সাংসদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব। থাকছে অতিথি-শিল্পীদের অংশগ্রহণও। তাঁদের মধ্যে আছেন ফকির আলমগীর, আবদুল কাদের, সোহেল রহমান, শখ, মীম, শাহীন প্রমুখ। উপস্থাপনা করেছেন মতিউর রহমান। প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান।
রুপালি সিঁড়ি
বিটিভিতে মঙ্গলবার সকাল নয়টায় প্রচারিত হবে পুরোনো চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান রুপালি সিঁড়ি। চলচ্চিত্রগুলো হলো হারানো দিন, অবুঝ মন, দুই দিগন্ত, যে আগুনে পুড়ি, নিশান, মণিহার, মানসী, মায়ার বাঁধন, নয়নমণি, দর্পচূর্ণ, নাচের পুতুল, সোহাগ, আঁখিমিলন, সীমানা পেরিয়ে ও গৃহলক্ষ্মী। উপস্থাপনা করেছেন আঁখি আলমগীর, প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান।
স্বর্ণালি বর্ণালি
বিটিভিতে মঙ্গলবার বেলা ১১টায় দেখানো হবে দ্বৈত কণ্ঠের গানের অনুষ্ঠান স্বর্ণালি বর্ণালি। চলচ্চিত্রে সাতজন পরিচালকের সাতটি কালজয়ী গান নতুন করে গেয়েছেন এ সময়ের শিল্পী—শুভ্র দেব-আঁখি আলমগীর, এস ডি রুবেল-মৌটুসী, এস আই টুটুল-দিনাত জাহান, কিশোর-নির্ঝর, সাব্বির-পুতুল ও মুহিন-রন্টি দাস। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবির বকুল। প্রযোজনা করেছেন শফিউদ্দিন শিকদার।
টুসির বাবা
বিটিভিতে বুধবার দুপুর একটা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক টুসির বাবা। লিখেছেন ইমদাদুল হক মিলন। নির্দেশনা এবং প্রযোজনায় আওয়াল চৌধুরী। অভিনয় করেছেন মনির খান শিমুল, তনিমা হামিদ, আফজাল শরীফ, ফারুক আহমেদ, ক্যামেলিয়া ও নাফিরা। নাদিম ও আভার একমাত্র মেয়ে টুসি। আভা সারা দিন হিন্দি সিরিয়াল নিয়ে পড়ে থাকে। হঠাৎ নাদিমের স্বভাবে পরিবর্তন দেখা যায়। সবার সঙ্গে মেজাজ নিয়ে কথা বলে। অযথাই ধমক-ধামক দেয়। আভা ভয়ে ভয়ে থাকে সব সময়। এমনকি আদরের মেয়ে ছোট্ট টুসিকেও ধমক দিয়ে কথা বলে নাদিম। তবুও বাবার জন্য সব সময় অস্থির থাকে টুসি। বাবার জন্য পাগল। নাদিম একসময় ঘোষণা দেয়, সে বিদেশ চলে যাবে। বাসার সবাই অবাক হয় তার এই কথায়। কেন এই সিদ্ধান্ত?
স্বপ্নময়ী
বিটিভিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক স্বপ্নময়ী। লিখেছেন সাইফুল ইসলাম। পরিচালনা করেছেন দীন মোহাম্মাদ। অভিনয় করেছেন মিলন, মীম, শাহরিয়ার শুভ প্রমুখ।
আনুশা আর আনুভাদের বাড়ির চিলেকোঠায় থাকে কবির। একদিন ছাদে ভিজতে এসে তারা দেখতে পায় কদম ফুল আর পাশে একটি কাগজের নৌকা। নৌকাটি খুলে আনুশা দেখতে পায়, তাতে স্বপ্নময়ীকে নিয়ে কবিতা লেখা। ওদিকে রুমের ভেতর জানালার পাশে দাঁড়িয়ে আছে কবির। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন আনুশার বিয়ে হয় অন্য একটি ছেলের সঙ্গে। বিয়ের রাতে গোপনে সে কবিরকে জানায়, দুই দিন পর কবিরের সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু সেদিন এসে সে দেখতে পায়, বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে!
ভাইবোন
বিটিভিতে বুধবার সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ভাইবোন। মমতায় জড়ানো চিরন্তন বন্ধনের নাম ‘ভাইবোন’। জীবনের সব আনন্দ ছড়িয়ে থাকে ভাইবোন সম্পর্কের মাঝে। ভাইবোন যেন এক বৃন্তে দুটি ফুল। স্ব স্ব ক্ষেত্রে সফল—এমন সব জনপ্রিয় ভাইবোন জুটিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। এসেছেন কবীর চৌধুরী-ফেরদৌসী মজুমদার, ফরিদুর রেজা সাগর-কেকা ফেরদৌসী, মুন্নী সাহা-প্রণব সাহা, বালাম-জুলি, ইরেশ যাকের-শ্রিয়া যাকের, রাজা বশির-হুমায়রা বশির। অনুষ্ঠানে ভাইবোন নিয়ে নিজের কবিতা আবৃত্তি করেছেন সৈয়দ শামসুল হক। গ্রন্থনা করেছেন আনজীর লিটন। উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ। প্রযোজনায় মো. সরওয়ার।
ভালোবাসা তোমার জন্যে
বিটিভিতে বুধবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক ভালোবাসা তোমার জন্যে। লিখেছেন সারওয়ার-উল-ইসলাম। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন রুমানা, আরিফিন শুভ ও সারিকা। চোখ দিয়ে যা দেখি, কান দিয়ে যা শুনি, তা সব সময় সত্যি হয় না। এই দেখা এবং শোনার পেছনেও কোনো ঘটনা থাকে, যা যাচাই করা হয় না। এই যাচাই না করার কারণে জীবনে জটিলতার সৃষ্টি হয়। এমনি গল্প নিয়ে নাটকটির কাহিনি।
স্মৃতির সুরভী
বিটিভিতে বুধবার সকাল সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে হারানো দিনের গান নিয়ে অনুষ্ঠান স্মৃতির সুরভি। এই অনুষ্ঠানে গান গেয়েছেন ছন্দ চক্রবর্তী, নুসরাত জাহান, হুমায়রা বশীর, জাহিদুল ইসলাম, ফাতেমা-তুজ্-জোহরা, মোস্তফা কাইয়ুম, মনিরা মুক্তি, মৌসুমী রেজা, আইনুন নাহার, শামীমা পারভীন, পাপিয়া নাজনীন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আফরোজা আবেদীন, প্রযোজনা করেছেন সৈয়দ জামান।
যেতে দেব না
বিটিভিতে মঙ্গলবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান যেতে দেব না। উপস্থাপনা করেছেন ফেরদৌস ওয়াহিদ। পরিচালনা করেছেন আনজাম মাসুদ। অনুষ্ঠানে গান গেয়েছেন কণা, নির্ঝর, প্রিয়াংকা গোপ ও বীণা। কয়েকটি গানের সুর ও সংগীত আয়োজন করেছেন বাসু।
খুশির পঙিতমালা
বিটিভিতে মঙ্গলবার দুপুর একটা ১০ মিনিটে দেখানো হবে স্বরচিত কবিতা পাঠের আসর খুশির পঙিতমালা। এখানে ঈদ নিয়ে নিজেদের কবিতা আবৃত্তি করেছেন আসাদ চৌধুরী, জাহিদুল হক, কাজী রোজী, মো. নুরুল হুদা, রবিউল হোসাইন, মোহাম্মদ সামাদ, আলম তালুকদার, ফারুক নেওয়াজ, রবীন্দ্র গোপ। উপস্থাপনা করেছেন খোরশেদ আলম। প্রযোজনা করেছেন সৈয়দ জামান।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






