একুশে টেলিভিশন

| তারিখ: ০৫-১১-২০১১

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
  • অন্ধ নিরাঙ্গম ছবিতে জয়ন্ত চট্টোপাধ্যায় ও রোকেয়া প্রাচী

    অন্ধ নিরাঙ্গম ছবিতে জয়ন্ত চট্টোপাধ্যায় ও রোকেয়া প্রাচী

  • ভোঁদাই নাটকে তুষার খান ও এ টি এম শামসুজ্জামান

    ভোঁদাই নাটকে তুষার খান ও এ টি এম শামসুজ্জামান

অন্ধ নিরাঙ্গম
একুশে টিভিতে মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি অন্ধ নিরাঙ্গম। ছবির কাহিনি, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও পরিচালনা করেছেন হাসিবুর রেজা। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, সঞ্জীব আহমেদ, রিতু এ সাত্তার, ফখরুজ্জামান চৌধুরী, আমিনুর রহমান, শিহাব পারভেজ, ইমদাদ ফকির, লাভলী ফকিরানী, এ এফ এম মনিরুজ্জামান, আনুশেহ্ আনাদিল, শফি মণ্ডল প্রমুখ।

ড্যামকেয়ার নাজিমুদ্দিন
একুশে টিভিতে ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক ড্যামকেয়ার নাজিমুদ্দিন। লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন মাসুদুল হাসান। অভিনয় করেছেন জেনি, আরফান আহমেদ, শান্তা, কচি খন্দকার প্রমুখ। পুরান ঢাকার একটা বাসার মালিক হাফিজুদ্দিন। তার ছেলে নাজিমুদ্দিন, এইচএসসি পাস করার পর আর পড়াশোনার নাম নেই। সারা দিন মহল্লায় ঘোরাঘুরি আর দুষ্টামি করে বেড়ায়। নাজিমুদ্দিন ও বিউটি বাবার ভয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করে, দেখা করে। বিউটির কথা, নাজিমুদ্দিনকে তার বাবার কাছে এসে বিয়ের প্রস্তাব দিতে হবে। আর নাজিমুদ্দিন তার বাবার সামনে এসে ভয়ে সব ওলট-পালট করে ফেলে। ভয়ে কিছুই বলতে পারে না। একদিন নাজিমুদ্দিন ও বিউটিকে খুঁজে পাওয়া যায় না। রাতে ওদের দুজনকে নিয়ে মহল্লার মুরুব্বিরা বসে বৈঠকে। এ সময় উপস্থিত হয় নাজিমুদ্দিন আর বিউটি।

লং ড্রাইভ
একুশে টিভিতে মঙ্গলবার বেলা দেড়টায় প্রচারিত হবে টেলিছবি লং ড্রাইভ। লিখেছেন রিজওয়ান খান। পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন মিলন, আরেফিন শুভ, আবিদ রহমান, নওশীন, বিন্দু, আবুল হায়াত প্রমুখ।
সন্ত্রাসী তৈমুরকে ভালো পথে নিয়ে আসে সাবরিনা। এখন একটি ভালো চাকরি খুঁজছে তৈমুর। এদিকে সাবরিনার বাবা মেয়ের জন্য পাত্র চূড়ান্ত করেছেন। পাত্র সাবরিনার বড় খালার ছেলে আবীর। এদিকে সাবরিনাকে হারানোর কথা শুনে আবার আগের চেহারায় ফিরে যেতে চায় তৈমুর। একদিন লং ড্রাইভে যায় সাবরিনা, আবীর আর তৈমুর। এদিকে রহস্যজনকভাবে খুন হয় আবীর। সবার চোখ এখন তৈমুরের দিকে। কিন্তু তৈমুর নিজেকে নির্দোষ বলে দাবি করে। তাহলে কে খুন করেছে?

ভিক্ষুক বিলাপ
একুশে টিভিতে বুধবার রাত ১০টায় প্রচারিত হবে নাটক ভিক্ষুক বিলাপ। রচনা ও পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। অভিনয় করেছেন মীর সাব্বির, সুইটি, রুমানা, মৌসুমী হামিদ প্রমুখ। ঢাকা শহরের ব্যস্ত রাস্তা। একদল ভিক্ষুক নানা আকুতি করে ভিক্ষা চায়। এই দলে একজন মাত্র নারী আর ছয়জনই পুরুষ। কানা, লুলা, বয়রা—সবাই আছে এই দলে। সন্ধ্যায় তারা রেললাইনের নির্জনে টাকা ভাগাভাগি করে। একদিন তারা ভুল সুরে গান করার কারণে ভিক্ষা কম পেয়েছে। এবার তারা সুরের চর্চা শুরু করে। এর মধ্যে তারা খবর পায়, ভিক্ষুকশিল্পীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে একটি প্রতিষ্ঠান। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।

করিম খাঁর ঘর
একুশে টিভিতে ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে নাটক করিম খাঁর ঘর। কবি জসীমউদ্দীনের গল্পের ছায়া অবলম্বনে নাটকটি লিখেছেন আতিকুল হক চৌধুরী, পরিচালনা করেছেন রকিব হাসান। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, ডলি জহুর, আবুল কাশেম প্রমুখ।
রহিম বক্স ও তাঁর স্ত্রী সালেহার বহুদিনের স্বপ্ন, তাঁরা দুজন হজ করতে যাবেন। সব প্রস্তুতি শেষ। গ্রামের এক গরিব করিম খাঁ এসে জানায়, সে তার স্ত্রী-পুত্র নিয়ে রাস্তায়, তার থাকার জায়গা নেই। এদিকে রহিম বক্সের পরিত্যক্ত টিনের ঘর আছে। রহিম বক্স তাঁদের সেই টিনের ঘরটি দান করেন। হজে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে এক দুর্ঘটনায় রহিম বক্সের কোমরের হাড় ভেঙে যায়। এ অবস্থায় তাঁর হজে যাওয়া সম্ভব নয়। সেই রাতে সালেহা স্বপ্ন দেখেন, তাঁরা স্বামী-স্ত্রী দুজন কাবা শরিফ তাওয়াক করছেন। শুনতে পান একটি আওয়াজ। তোমাদের হজ কবুল হয়েছে। দুজনের চোখে পানি। মুখে প্রসন্ন হাসি।

ব্ল্যাক
একুশে টিভিতে মঙ্গলবার রাত ১০টায় প্রচারিত হবে নাটক ব্ল্যাক। লিখেছেন রুম্মান রশীদ খান, পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। অভিনয় করেছেন তারিন আহমেদ, সজলসহ আরও অনেকে।

ভাবনায় ভালোবাসা
একুশে টিভিতে ঈদের দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি ভাবনায় ভালোবাসা। রিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। অভিনয় করেছেন সজল, মম, ছবি, শিরিন শীলাসহ আরও অনেকে। শুধু মুঠোফোনে আলাপ করে নীরবকে ভালোবেসে ফেলে ভাবনা। একটি ফোন নম্বর ছাড়া ছেলেটি কোথায় থাকে, কী করে, কিছুই জানে না। নীরবের জাদু মেশানো কথায় দিনকে দিন তার ভালো লাগা আরও গভীর হয়। ভাবনার বিয়ে নিয়ে পরিবার যখন ভাবছে, তখন সে নীরবের মুখোমুখি দাঁড়ায়। একসময় হঠাৎ করে লাপাত্তা হয়ে যায় নীরব। ভাবনা তাকে পাগলের মতো খুঁজে বেড়ায়।

ভোঁদাই
একুশে টিভিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক ভোঁদাই। লিখেছেন এ টি এম শামসুজ্জামান, পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, তুষার খান, অহনা, মোহাম্মাদ বারী, সায়মা আহমেদ, পুতুল প্রমুখ।
ছেদা মিয়ার একমাত্র ছেলে বদু একেবারেই বোকা। বাবা তাকে জোর করে বিয়ে দেয়। বাসরঘরে ছেলেকে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষায় থাকতে হয় বাবাকে। নতুন বউয়ের সামনা-সামনি বসতে যায় বদু, এমন সময় খাটের চালা ভেঙে নিচে পড়ে যায়। ভয়ে নতুন বউ চিৎকার করে ওঠে। বোকামির জন্য সামনে বদুর জন্য অপেক্ষা করে আরও অনেক ঘটনা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন