পরিবেশ পরিচিতি বিজ্ঞান
আয়ত্তে রাখবে প্রতিটি অধ্যায়ের তথ্যবহুল বাক্য
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। জেনে নেওয়া থাক প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী কীভাবে বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত প্রস্তুতি নেবে।
প্রশ্ন নম্বর-১: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ১০টি প্রশ্ন থাকবে। প্রশ্ন নম্বর অনুযায়ী সঠিক উত্তরটি খাতায় লিখলেই পূর্ণ নম্বর পাবে।
প্রশ্ন: ১. (ক) কাশফুল কোন কালের বৈশিষ্ট্য?
(১) গ্রীষ্মকাল (২) বর্ষাকাল (৩) শরৎকাল (৪) শীতকাল।
উত্তর: (৩) শরৎকাল
প্রশ্ন নম্বর-২: শূন্যস্থান পূরণ করো। এখানে পাঁচটি খালি ঘর সংবলিত বাক্য থাকবে। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী বাক্যটি উত্তরপত্রে তুলে ‘উপযুক্ত’ শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে ‘উপযুক্ত’ শব্দটি অবশ্যই পাঠ্যবই থেকে নিতে হবে। উল্লেখ্য, প্রশ্নের নির্দেশনা থাকা সত্ত্বেও বাক্য না তুলে শুধু শূন্যস্থানের শব্দটি খাতায় লিখলে পূর্ণ নম্বর পাবে না। যেমন—
প্রশ্ন: ২. (ক) মাটি দূষণ—নষ্ট করে।
সঠিক উত্তর: (ক) মাটি দূষণ খাদ্যগুণ নষ্ট করে। এখানে পূর্ণ বাক্যটি না লিখে শুধু ‘খাদ্যগুণ’ লিখলে পূর্ণ নম্বর পাবে না। অপর পক্ষে শুধু ‘খাদ্য’ শূন্যস্থানে লিখলে কোনো নম্বরই পাবে না। কারণ, তাতে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ হলো না।
প্রশ্ন নম্বর-৩: নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডান পাশে ‘অশুদ্ধ’ লেখো। প্রশ্নে নির্দেশ থাকলে বাক্যটি অবশ্যই উত্তরপত্রে তুলতে হবে। নতুবা পূর্ণ নম্বর পাবে না। অনেকে আবার নির্দেশনা অনুযায়ী না লিখে ‘শু/ ভু’, ‘স/ মি’ বা ‘সত্য/ মিথ্যা’ লেখে। এ ক্ষেত্রে কোনো নম্বরই পাবে না। সঠিকভাবে উত্তর লেখার নিয়ম হলো—
প্রশ্ন: আমলকিতে প্রচুর ভিটামিন এ থাকে।
উত্তর: আমলকিতে প্রচুর ভিটামিন এ থাকে। —অশুদ্ধ।
প্রশ্ন নম্বর-৪: বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করো এবং উত্তরপত্র লেখো। বাঁ পাশের কলামে চারটি বাক্যাংশ থাকলেও ডান পাশের কলামে দুটি অতিরিক্ত বাক্যাংশ দেওয়া থাকবে। বাঁ পাশের কলামের বাক্যাংশের সঙ্গে ডান পাশের কলামের বাক্যাংশের যথাযথ মিল করে উপযুক্ত বাক্য গঠন করতে পারলেই পূর্ণ নম্বর পাবে। যেমন—
নমুনা প্রশ্ন: (২০১০-এর প্রশ্নের আলোকে)
(ক) ৮ মার্চ (ক).........
(খ) .......... (খ)........
(গ) ......... (গ) বিশ্ব নারী দিবস।
নমুনা উত্তর: (ক+গ): ৮ মার্চ বিশ্ব নারী দিবস। মিলকরণের নমুনা ও পাঠ্যবইয়ে না থাকায় বিভিন্ন তথ্যপূর্ণ (বিভিন্ন আবিষ্কারকের নাম, সাল, তারিখ) বাক্য বাছাই করে নিয়মিত আত্মস্থ করতে হবে।
প্রশ্ন নম্বর-৫: পাঠ্যবইয়ের অনুশীলনীতে প্রদত্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আত্মস্থ করার পাশাপাশি অধ্যায়ের ভেতর থেকে প্রশ্ন বাছাই করে উত্তর জানতে হবে। শুধু অনুশীলনীর প্রশ্ন পড়লে হয়তো ৬-৭টি প্রশ্ন কমন পাওয়া যাবে। কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর যথাযথ দিতে হলে অবশ্যই পাঠ্যবই পড়তে হবে। উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন-চাহিদা ও নম্বর অনুযায়ী প্রাসঙ্গিক কথা লিখতে হবে।
প্রশ্ন নম্বর-৬: বর্ণনামূলক প্রশ্ন লিখতে প্রতিটি উত্তরের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে প্রশ্নের চাহিদা অনুযায়ী বিস্তারিত বিবরণ দিতে হবে। কমপক্ষে ২-৩ প্যারায় উত্তর লেখার চেষ্টা করবে। একাধিক সংক্ষিপ্ত প্রশ্নের সমন্বয়েও একটি বর্ণনামূলক প্রশ্ন হতে পারে। সে ক্ষেত্রে প্রতিটি আংশিক প্রশ্নের উত্তর আলাদা আলাদা প্যারায় লিখতে হবে। প্রাসঙ্গিক চিত্রও পেনসিল দিয়ে আঁকতে হবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






