বাংলা ২য় পত্র

মনোযোগ দাও ব্যাকরণ ও বিরচনে

মোস্তাফিজুর রহমান | তারিখ: ১৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের মোট ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর নৈর্ব্যক্তিক ও ৫০ নম্বর রচনামূলক অংশ। নৈর্ব্যক্তিক অংশের দুটো ভাগ রয়েছে। যথা: ব্যাকরণ অংশ ও বিরচন অংশ। ৫০ নম্বরের নৈর্ব্যক্তিক অংশে ভালো করতে নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ (বোর্ড-বই হিসেবে পরিচিত) বইটি ভালোভাবে পড়বে। বিশেষ করে, প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বাক্যগুলো মনে রাখতে হবে। রচনামূলক অংশের ৫০ নম্বরে রয়েছে—ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, পত্রলিখন, সারাংশ ও সারমর্ম, ভাবসম্প্রসারণ এবং প্রবন্ধ রচনা। এ অংশে ভালো করতে পড়া বিষয়গুলো রিভিশন দেবে।
অনুবাদ: অনুবাদে ভালো করতে হলে অনুবাদের উদ্ধৃত বিষয়টি বারবার পড়বে। বাক্যের ভাবের প্রতি লক্ষ রাখবে। ভাষার সৌন্দর্য ও রস অক্ষুণ্ন রেখে অনুবাদ করবে। মূল ক্রিয়ার যে কাল থাকবে, অনুবাদেও তা থাকবে।
পত্রলিখন: ‘পত্র’ শব্দের আভিধানিক অর্থ ‘চিহ্ন’ বা ‘স্মারক’। বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে ‘পত্র’ শব্দটি চিঠি অর্থে ব্যবহার করি। এই অংশে ভালো করতে হলে যে বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে তা হলো: সহজ, সরল ও বিষয়ভিত্তিক ভাষায় পত্র লিখবে। পত্র হবে সংক্ষিপ্ত অথচ স্বয়ংসম্পূর্ণ। প্রকাশভঙ্গি হবে আকর্ষণীয় ও আধুনিক। পত্র লেখার কাঠামোগত পদ্ধতি মেনে চলবে।
সারাংশ বা সারমর্ম: সারাংশ বা সারমর্ম লেখার পদ্ধতি সম্পর্কে জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অপরিহার্য। এ অংশে ভালো করতে হলে প্রথমে নির্ধারিত মূল অংশটি কয়েকবার পড়ে মূল ভাবটি খুঁজে নেবে। সারাংশ বা সারমর্ম সহজ, সরল ও সাবলীল ভাষায় স্বল্প অবয়বে, স্পষ্ট বক্তব্যে লিখবে। বক্তব্যে ছন্দ, উপমা, উদ্ধৃতি বর্জন করবে।
ভাবসম্প্রসারণ: কবি-সাহিত্যিকদের উক্তির মধ্যে গভীর ভাব নিহিত থাকে। এসব ভাবের অন্তর্নিহিত ও প্রচ্ছন্ন তাৎপর্যকে সহজ ও সাবলীলভাবে বিশ্লেষণের মাধ্যমে ফুটিয়ে তোলাই ভাবসম্প্রসারণ। প্রথমে ভালোভাবে পড়ে মূল ভাবটি বুঝতে চেষ্টা করবে। ভাষা সহজ ও সরল হবে, কোনো কথার পুনরাবৃত্তি করবে না।
প্রবন্ধ: বিবৃতিমূলক প্রবন্ধ, তথ্যপ্রধান, ভাবনা-আশ্রিত ও ব্যাখ্যামূলক প্রবন্ধ থাকলেও বিবৃতি অথবা তথ্যপ্রধান প্রবন্ধ লেখার জন্য নির্বাচন করা ভালো। সঠিকভাবে উত্তর লিখতে হলে একেকটি ভাব একেকটি অনুচ্ছেদে লিখবে এবং প্রতিটি অনুচ্ছেদ যেন সংগতিপূর্ণ হয়। যত কম কথায় ভাব প্রকাশ করা যায়, রচনার শৈলী ততই সুন্দর হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন