সামাজিক বিজ্ঞান

রিভিশন দাও প্রতিটি বিভাগের প্রশ্নোত্তর

আয়েশা মনোয়ারা | তারিখ: ১৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

সামাজিক বিজ্ঞান বিষয়টিতে সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি—এই পাঁচটি বিষয় ছাড়াও রয়েছে জনসংখ্যা, দুর্যোগ ব্যবস্থাপনা ও এইডস শিক্ষা। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে। প্রতিটি প্রশ্নের উত্তরে শিক্ষার্থীর জ্ঞান অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা যাচাই করে নম্বর দেওয়া হবে। কাজেই উত্তর লেখার সময় শিক্ষার্থীকে জ্ঞানের এই চারটি স্তরের দিকে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্নের উত্তর লেখার আগে উদ্দীপকের বিষয়বস্তুটি ভালোভাবে বুঝে নির্ভুল উত্তর দিতে হবে।
ক-বিভাগ (সমাজ, ইতিহাস, পৌরনীতি): সমাজ অংশের বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে অনেকটাই পরিচিত ও সহজ। এ ক্ষেত্রে সংস্কৃতি ও সভ্যতার ধাপ, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম, সামাজিক পরিবর্তন ও সামাজিক সমস্যাবিষয়ক প্রশ্ন থাকবে, যা শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে। এ অংশ থেকে উত্তর দেওয়াটা ভালো। সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা ও প্রাসঙ্গিক উদ্ধৃতি নির্ভুলভাবে লিখতে হবে। ইতিহাস অংশ থেকে উত্তর করতে অনুশীলন প্রয়োজন। এ অংশের উত্তরে সাল, স্থান, ঘটনা প্রভৃতি নির্ভুলভাবে লিখবে। পৌরনীতির উত্তর দিতে নাগরিকত্ব, নাগরিকের অধিকার-কর্তব্য, বাংলাদেশের সরকারব্যবস্থা, নির্বাচনব্যবস্থা, সংবিধান, স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
খ-বিভাগ (অর্থনীতি, জনসংখ্যা): অর্থনীতির মৌল বিষয় ও এ-সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানা থাকলে এ অংশের উত্তর দেওয়াই উত্তম। এ অংশে সঠিক তথ্য, প্রাসঙ্গিক চিত্র ও ব্যাখ্যা দিতে পারলে খুব সহজেই ভালো নম্বর পাওয়া যায়। জনসংখ্যা বিষয়টি শিক্ষার্থীদের কাছে খুব পরিচিত ও প্রয়োজনীয়। শিক্ষার্থীকে উদ্দীপকের বিষয়বস্তুর প্রাধান্যের প্রতি লক্ষ রেখে উত্তর দিতে হবে। সঠিক তথ্য, যুক্তিসহ উত্তর লিখলে ভালো নম্বর পাওয়া যায়।
গ-বিভাগ (ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা ও বাংলাদেশ): ভূগোল অংশের উত্তরে অবশ্যই প্রয়োজনীয় চিত্র, মানচিত্রসহ ব্যাখ্যা দিতে হবে। এ অংশের উত্তরে সময় কম লাগে এবং পূর্ণ নম্বর পাওয়া যায়। প্রশ্ন নির্বাচনে এ অংশটি বেশি গুরুত্বপূর্ণ।
দুর্যোগ ব্যবস্থাপনা অংশে প্রাকৃতিক দুর্যোগের কারণ, প্রতিরোধ, প্রশমন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্যোগ, আমাদের দুর্যোগ মোকাবিলায় করণীয়, এ-সংক্রান্ত সরকারি ও বেসরকারি পদক্ষেপ—এ বিষয়গুলো জানা হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন