চার দিনব্যাপী প্লাস্টিক মেলা শেষ হলো
টিকফা স্বাক্ষরের পক্ষে বাণিজ্যমন্ত্রীর মত
আমেরিকার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা (টিকফা) চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, এটি করা গেলে হয়তো আমেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানিতে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স বা জিএসপি রক্ষা করা যেতে পারে।
অষ্টম আন্ত-র্জাতিক প্লাস্টিক মেলার সমাপনী অনুষ্ঠানে গতকাল শনিবার বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই মেলা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আমেরিকার সঙ্গে টিকফা চুক্তি শ্রম অধিকার বিষয়ে আটকে আছে। এটি নিয়ে দর-কষাকষি চলছে। পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপালসহ অনেক দেশই চুক্তিটি করেছে। এটা করা মানে আমেরিকাকে আমরা কিছু দেব, তা নয়।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধার জন্য জিএসপি দেওয়া হয়। এ ক্ষেত্রে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং শিশুশ্রম বন্ধের বাধ্যবাধকতা থাকে। আমরা সেগুলো মোটামুটি মেনে চলেছি।’
বাণিজ্যমন্ত্রী বলেন, টিকফা আগে করা গেলে জিএসপির শুনানির সময় শ্রম অধিকার নিয়ে কথা উঠবে না। তাই এটা করা উচিত। অন্যদিকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য নয়, দেশের ভাবমূর্তি রক্ষার জন্যও জিএসপি-সুবিধা অক্ষুণ্ন রাখতে হবে।
বিপিজিএমইএর সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন বলেন, এবারের প্লাস্টিক মেলায় ব্যাপক সাড়া ফেলেছে। চার দিনে প্রায় দেড় লাখ দর্শনার্থী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কয়েক কোটি টাকার কেনাবেচা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম, বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন প্রমুখ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







