অণুকথা
মৌচাকে বন্ধুসমাবেশ
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের মৌচাকে বন্ধুসমাবেশ-২০১৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় জমে উঠবে মৌচাকের স্কাউট মাঠ। দুই হাজার বন্ধুর সমাবেশ হবে এবার। আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হবে মৌচাক, বইবে খুশির জোয়ার। সারা দেশের সক্রিয় সব বন্ধুসভা অংশ নেবে এ সমাবেশে।
তাহলে বন্ধুরা, প্রস্তুতি শুরু হয়ে যাক।
এ সুযোগে কিছু নিয়মের কথা বলে রাখি। প্রতিটি বন্ধুসভার পূর্ণাঙ্গ কমিটি থাকতে হবে। যারা যোগ দেবে, তাদের মধ্যে অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য থাকতে হবে।
সংগঠন থেকে কারা আসবেন, সেটা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকের সিদ্ধান্তের মধ্য দিয়ে ঠিক করা হবে। কতজন আসবেন কোনো বন্ধুসভা থেকে, সেটা চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুদের আসা-যাওয়ার খরচ বন্ধুদের নিজেদের বহন করতে হবে। প্রত্যেক বন্ধুকে নিবন্ধন ফি দিতে হবে। বন্ধুসভায় অন্তর্ভুক্ত না হয়ে কোনো বন্ধু আলাদাভাবে সমাবেশে যোগ দিতে পারবেন না। প্রত্যেক বন্ধুকে অভিভাবকের অনুমতি নিয়ে আসতে হবে। ঢাকা থেকে সমাবেশে যোগ দেওয়ার জন্য যে ফর্মটি পাঠানো হবে, তা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে হবে। অভিভাবক ও অংশগ্রহণকারী বন্ধুর স্বাক্ষর থাকতে হবে। সময় অনুযায়ী প্রতিটি বন্ধুসভার পারফরম্যান্স করার সুযোগ থাকতে পারে। পারফরম্যান্সের পুরো বিষয় জাতীয় কমিটিকে অবগত করতে হবে।
প্রতিটি বন্ধুসভাকে একটি করে দেয়াল পত্রিকা তৈরি করে আনতে হবে। দেয়াল পত্রিকার ওপর থাকবে বিশেষ পুরস্কার। ফর্মে সাম্প্রতিক কালের তোলা ছবি সংযুক্ত করতে হবে।
বিশেষ কারণে কোনো বন্ধুসভার আহ্বায়ক কমিটি গ্রহণযোগ্য হতে পারে। তিন মাসের কম সময়ে বন্ধুসভায় যুক্ত হয়েছেন, এমন বন্ধুকে সমাবেশে আনা যাবে না।
অনেক নিয়মের কথা বলে ফেললাম।
তাহলে দেখা হচ্ছে বন্ধুরা। ২২ ও ২৩ (শুক্র ও শনিবার) ফেব্রুয়ারি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






