ভেনেজুয়েলায় কারাগারে বিদ্রোহ, সংঘর্ষে নিহত ৫৪

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
ভেনেজুয়েলায় বিদ্রোহের খবর শুনে কারাগারের বাইরে বন্দীদের স্বজনদের ভিড়

ভেনেজুয়েলায় বিদ্রোহের খবর শুনে কারাগারের বাইরে বন্দীদের স্বজনদের ভিড়

রয়টার্স

ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে গত শুক্রবার কারারক্ষীদের সঙ্গে কারাবন্দীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫৪ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভেনেজুয়েলার কারামন্ত্রী আইরিস ভ্যারেলা জানান, কারাগারের অবৈধ অস্ত্রের সন্ধানে কর্তৃপক্ষ তল্লাশি শুরু করে। এ সময় কারাবন্দীরা বিদ্রোহ শুরু করলে তা সংঘর্ষে রূপ নেয়।
টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, কারাবন্দীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের গায়ের কাপড়চোপড় রক্তে ভিজে গেছে। কারাগারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছে ন্যাশনাল গার্ড সদস্যরা। বেষ্টনীর বাইরে অবস্থান করছেন কারাবন্দীদের আত্মীয়স্বজনেরা, যাঁদের বেশির ভাগই নারী। প্রিয়জনের খোঁজ জানতে না পেরে তাঁদের অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
কারাগারটি ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লারা প্রদেশের ইউরিবানা এলাকায় অবস্থিত। স্থানীয় একটি হাসপাতালের পরিচালক রুই মেদিনা জানান, সংঘর্ষে আহত ব্যক্তিদের বেশির ভাগই গুলিবিদ্ধ। মৃতের সংখ্যা ‘উদ্বেগজনক’ উল্লেখ করে তিনি আরও জানান, শুধু হাসপাতালে আনা হতাতহ ব্যক্তিদের হিসাব তাঁদের কাছে আছে। এতে দেখা যায়, নিহতের সংখ্যা ৫০-এর বেশি। নিহত ব্যক্তিদের মধ্যে একজন যাজক ও একজন ন্যাশনাল গার্ড সদস্যও রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে সংঘর্ষের ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছে বিরোধীপক্ষ। এএফপি ও আল-জাজিরা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Tiger tapu

Tiger tapu

২০১৩.০১.২৭ ২০:২৫
They need proper investigation & give punishment for illegal situation.