অর্থনীতি
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।
# মি. শামীম চট্টগ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী। সমপ্রতি তাঁর ব্যবসার সমপ্রসারণ, ব্যবসার কাজ নিখুঁত ও নির্ভুলভাবে সম্পাদনের জন্য তিনি তাঁর প্রতিষ্ঠানে কম্পিউটার সংযোজন করেন। গত জুলাই মাসে তাঁর ব্যবসায়িক বন্ধুর অনুকরণে পুরোনো গাড়িটি বিক্রি করে একটি নতুন মডেলের গাড়ি ক্রয় করেন।
ক. সাধারণ অর্থে চাহিদা কী?
খ. প্রান্তিক উপযোগ কী? বুঝিয়ে লেখো।
গ. মি. শামীমের ব্যবসায় প্রতিষ্ঠানে কম্পিউটার সংযোজন কোন ধরনের অভাব? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. মি. শামীমের নতুন মডেলের গাড়ি ক্রয় তাঁর ব্যক্তিজীবনে কী প্রভাব বয়ে আনবে বলে তুমি মনে করো? মূল্যায়ন করো।
উত্তর: ক. সাধারণ অর্থে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে।
উত্তর: খ. কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের দরুন মোট উপযোগ যতটুকু বাড়ে, তাকে প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ অতিরিক্ত এক একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয়, তা-ই প্রান্তিক উপযোগ। যেমন ধরা যাক, একজন ভোক্তা এক একক পাকা কলা ভোগ করে ৬ টাকার সমান উপযোগ পায়। অতিরিক্ত এক একক অর্থাৎ দ্বিতীয় একক ভোগ করার ফলে মোট উপযোগ যদি ৮ টাকার সমান হয় তবে সে ক্ষেত্রে প্রান্তিক উপযোগ ২ টাকার সমান। এখানে মোট উপযোগ ৬ টাকার সঙ্গে অতিরিক্ত এক একক কলা ভোগের জন্য ২ টাকা যুক্ত হয়ে মোট উপযোগ ৮ টাকা হয়েছে।
উত্তর: গ. মি. শামীমের ব্যবসায় প্রতিষ্ঠানে কম্পিউটার সংযোজন আরামপ্রদ দ্রব্যের অভাব।
আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য যেসব দ্রব্যের প্রয়োজন হয়, সেগুলোর অভাবকে আরামপ্রদ দ্রব্যের অভাব বলে। যেমন—উন্নতমানের খাদ্যদ্রব্য, রুচিসম্মত পোশাক ইত্যাদি।
দৃশ্যকল্পে শামীম চট্টগ্রাম শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর ব্যবসার কাজ নিখুঁত ও নির্ভুলভাবে সম্পাদনের জন্য এবং ব্যবসাকে আরও সমপ্রসারণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানে কম্পিউটার সংযোজন করেন। কম্পিউটার যেকোনো কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পাদনে সহায়ক। যেকোনো কাজ আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কম্পিউটারের কোনো বিকল্প নেই। কম্পিউটার শামীমের ব্যবসায় গতি আনতে তথা ব্যবসার যাবতীয় কাজ সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে কম্পিউটার সহায়ক হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা জানি, অভাব প্রধানত তিন ধরনের। প্রয়োজনীয় অভাব, আরামপ্রদ দ্রব্যের অভাব এবং বিলাসজনিত অভাব। কম্পিউটার সংযোজন এগুলোর মধ্যে কেবল আরামপ্রদ অভাবের সঙ্গেই সংগতিপূর্ণ।
ফলে মি. শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার সংযোজন আরামপ্রদ দ্রব্যের অভাব।
উত্তর: ঘ. আমি মনে করি মি. শামীমের নতুন মডেলের গাড়ি ক্রয় তাঁর ব্যক্তিজীবনে ইতিবাচক প্রভাব বয়ে আনবে। কেননা নতুন গাড়ি তাঁর মর্যাদা বৃদ্ধি করবে।
দৃশ্যকল্পে মি. শামীম তাঁর ব্যবসায়িক বন্ধুর অনুকরণে তাঁর পুরোনো মডেলের গাড়ি বিক্রি করে নতুন মডেলের গাড়ি ক্রয় করে। এটি বিলাসজনিত অভাব। আমরা জানি, অনাবশ্যক বা অপ্রয়োজনীয় অথচ জাঁকজমক অথবা মর্যাদা বৃদ্ধির জন্য যেসব দ্রব্য ব্যবহূত হয়, সেসব দ্রব্যের অভাবকে বিলাসজনিত দ্রব্যের অভাব বলে। যেমন মূল্যবান অলংকার, দামি গাড়ি ইত্যাদি। মি. শামীম যেহেতু চট্টগ্রাম শহরের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী এবং যেহেতু তিনি তাঁর বন্ধুর অনুরূপ আরেকটি গাড়ি ক্রয় করতে নিজের পুরোনো গাড়ি বিক্রি করেছেন, সেহেতু এটি বিলাসজনিত অভাব।
এ গাড়ি ব্যবহারে মি. শামীমের ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন আসবে। এতে তাঁর জীবনের বিলাসবহুল দিকটি ফুটে উঠবে, ব্যক্তিগত মান-মর্যাদা বৃদ্ধি পাবে এবং সমাজে বিত্তবান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সুতরাং আমি মনে করি মি. শামীমের নতুন মডেলের গাড়ি ক্রয় তাঁর ব্যক্তিজীবনে অনেক পরিবর্তন আনবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






