ঢাকায় মার্কিন কংগ্রেস প্রতিনিধিদল
মার্কিন কংগ্রেসের চার সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (ইউএসএইড) সাহায্যপুষ্ট নিরীক্ষা কার্যক্রম দেখতেই প্রতিনিধিদলটির এই সংক্ষিপ্ত ঢাকা সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, মার্কিন কংগ্রেসের ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান পার্টির সদস্য জ্যাক কিংসটন এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সফরটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হলেও মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধাসহ (জিএসপি) দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
ঢাকায় অবস্থানের সময় আজ রোববার সকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া দুপুরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। ওই সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া কংগ্রেসের প্রতিনিধিদলটির আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিসিডিআরবি) এবং তেজগাঁওয়ে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনের কথা রয়েছে।
ঢাকা ও ওয়াশিংটনে কর্মরত বাংলাদেশের দুই কূটনীতিক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মার্কিন কংগ্রেসের এই দলটির প্রাথমিক সফর পরিকল্পনায় বাংলাদেশ ছিল না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি বাতিলের বিষয়টি সামনে আসায় প্রতিনিধিদলটিকে ঢাকায় আসার অনুরোধ জানায় বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ বিপজ্জনক—এমনটা উল্লেখ করে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রন কার্ক বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরকে চিঠি লিখেছেন। পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশের জিএসপি বাতিলের কথাও মার্কিন ওই জ্যেষ্ঠ কর্মকর্তা উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে আগামী মার্চের শেষ সপ্তাহে কংগ্রেসে শুনানি হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গণমাধ্যমে বেশ লেখালেখি হচ্ছে। তাই ভারত সফরের সময় কংগ্রেস সদস্যদের ঢাকা সফরের অনুরোধ জানায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার পক্ষ থেকে তৈরি পোশাক কারখানার পরিস্থিতির উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হবে কি না, জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সফরটি যুক্তরাষ্ট্রের নিজস্ব কর্মকাণ্ডের কারণেই হচ্ছে। দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হলে যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অন্যান্য সব বিষয় নিয়ে সাধারণ আলোচনাও হতে পারে। তবে সেভাবে বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে হয় না।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলটি গতকাল রাত পৌনে ১০টায় ঢাকায় এসেছে। আজ সন্ধ্যা সাতটায় দিল্লির উদ্দেশে তারা ঢাকা ছেড়ে যাবে।
পাঠকের মন্তব্য
- ২০১৩.০১.২৭ ০২:৫৪
- Now it is as clear as the day light! American delegates are coming, that is why workers are burned alive in garments so that Americans can give excuse to withdraw GSP facility for Bangladesh in American market!






