শিরোনাম:

ইউএসটিসিতে সমাহিত অধ্যাপক নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৭-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
নুরুল ইসলাম

নুরুল ইসলাম

চট্টগ্রামে নিজের গড়া প্রতিষ্ঠান চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) শায়িত হলেন জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম। গতকাল শনিবার বাদ আসর এই বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জানাজার পর তাঁকে সমাহিত করা হয়।
এর আগে গতকাল নগরের জমিয়াতুল ফালাহ ও নুরুল ইসলামের চন্দনাইশের মোহাম্মদপুরের গ্রামের বাড়িতে আরও দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনীতিক, চিকিৎসকসহ নানা শ্রেণী-পেশার লোকজন অংশ নেয়। জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় চট্টগ্রামের সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রয়াত চিকিৎসকের ছেলে আহমেদ ইফতেখারুল ইসলাম তাঁর বাবার কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরে বলেন, ‘আমি বাবার আদর্শ ধরে রাখার চেষ্টা করব।’ এরপর বিকেলে ইউএসটিসি ক্যাম্পাসে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে ইউএসটিসির শিক্ষক ও শিক্ষার্থীরা প্রয়াত চিকিৎসককে সম্মাননা জানান। পরে সেখানে আবার জানাজা শেষে প্রতিষ্ঠানটির গুলমেহের হলের পাশে তাঁকে সমাহিত করা হয়।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ল্যাবএইড হাসপাতালে জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ইন্তেকাল করেন। ঢাকার বিভিন্ন স্থানে তিন দফা জানাজা শেষে গত শুক্রবার রাতে নুরুল ইসলামের মরদেহ চট্টগ্রামে আনা হয়।
চন্দনাইশে মানুষের ঢল: নুরুল ইসলামের লাশ শুক্রবার রাত সাড়ে ১২টায় তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশের মোহাম্মদপুরে পৌঁছে। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। সকালে সর্বস্তরের লোকজন সেখানে ভিড় করে। এ সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় জাতীয় অধ্যাপককে।
আরও শোক: অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ সরদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আজিজ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক ও মহাসচিব এম ইকবাল আর্সলান। এ ছাড়া বাংলাদেশ তামাকবিরোধী জোট, হাকিম হাফেজ আজীজুল ইসলাম ফাউন্ডেশন ও বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশন প্রথিতযশা এই চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Saifur Rahman

Saifur Rahman

২০১৩.০১.২৭ ১৩:০৮
বিদায় হে মহিয়ান !