দুটি এল ক্লাসিকো বাড়াল বার্সা

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
এখানে মেসির গোল উদ্যাপনে সঙ্গী পিকে। আর এর আগে পিকের গোল উদ্যাপন করেছেন মেসিও। বৃহস্পতিবার কোপা

এখানে মেসির গোল উদ্যাপনে সঙ্গী পিকে। আর এর আগে পিকের গোল উদ্যাপন করেছেন মেসিও। বৃহস্পতিবার কোপা ডেল রেতে মালাগা-বার্সা ম্যাচে

রয়টার্স

আরও দুটি এল ক্লাসিকোর সম্ভাবনায় রোমাঞ্চিত ছিল ফুটবল অনুরাগীরা। মালাগা সেই সম্ভাবনায় বাগড়া দিতে পারেননি। পরশু কোপা ডেল রের শেষ আটের দ্বিতীয় লেগে মালাগাকে হারিয়েই রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও দুটি লড়াইয়ের মঞ্চ সাজাল বার্সেলোনা।
গত সপ্তাহেই বার্সেলোনা চলতি লা লিগায় পেয়েছে প্রথম হারের স্বাদ। রিয়াল সোসিয়েদাদের কাছে ওই হারের পর পরশু মালাগা নিশ্চিত করেই কাতালান শিবিরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল। মালাগার মাঠ থেকে যে জয়টাই দরকার ছিল বার্সার! ন্যু ক্যাম্প থেকে প্রথম লেগে ২-২ গোলে ড্র করে গিয়েছিল মালাগা। এটাই বার্সেলোনাকে ফেলে কঠিন সমীকরণের সামনে। অতিরিক্ত সময়ে জয়ের সম্ভাবনা তৈরি করতে ড্র করলেও সেটি হতো কমপক্ষে ২ গোলের। তবে ৪-২ গোলে ম্যাচ জিতেই শেষ চারে পা রেখেছে ভিলানোভার দল। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। একটু ভুল হলো, আসলে জর্ডি রৌরার দল। ভিলানোভা যে ক্যানসারের চিকিত্সার জন্য আপাতত আছেন নিউইয়র্কে।
স্কোরলাইন দেখে ম্যাচের গতিপ্রকৃতি আন্দাজ করাটা একটু মুশকিল। দুবার পিছিয়ে পড়েও মালাগা ফিরে এসেছিল ম্যাচে। আট মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় বার্সা, চার মিনিট পরই সমতা আনেন মালাগার রাইট উইঙ্গার হোয়াকিন। বিরতির চার মিনিট পর সদ্যোজাত পুত্র মিলানকে একটা গোল উপহার দিয়েছেন বার্সার সেন্টারব্যাক জেরার্ড পিকে। মালাগাকে আবারও সমতায় ফেরান সান্তা ক্রুজ। কিন্তু চার মিনিটের ব্যবধানে ইনিয়েস্তা ও মেসি গোল করে ভেঙে দেন মালাগার স্বপ্ন। একবার ইনিয়েস্তার শট পোস্টে না লাগলে, আর মেসি বার দুয়েক অবিশ্বাস্য রকমের মিস না করলে আরও বড় ব্যবধানেই জিততে পারত গতবারের চ্যাম্পিয়নরা।
জয়ের পরও তাই যেন খেদ রয়ে গেছে বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটসের, ‘ফলটা ন্যায্য ছিল। সত্যি বলতে কি আমরা আরও বেশ কিছু গোলই করতে পারতাম।’ পিকে অবশ্য আসন্ন এল ক্লাসিকোর কথা ভেবেই শিহরিত, ‘এটা দারুণ যে ম্যাচটা সেমিফাইনাল। জিতলেই আপনি চলে যাবেন ফাইনালে। এটা হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।’ তবে এমন জয়ের আনন্দেও বার্সার জন্য উত্কণ্ঠার
বিষয় ছিল মেসির চোট। ডান পায়ে চোট পেয়ে ৮২ মিনিটে মাঠ ছেড়ে যান আর্জেন্টাইন তারকা। পরে অবশ্য ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে চোটটা গুরুতর কিছু নয়।
কোপা ডেল রের রেশ কাটতে না-কাটতেই বার্সাকে আজ আবার নেমে পড়তে হচ্ছে লা লিগায়। চোটের আশঙ্কা উড়িয়ে ওসাসুনার সঙ্গে ম্যাচটা খেলার কথা মেসির। তাঁকে আরেকটি রেকর্ডের হাতছানি দিচ্ছে এই ম্যাচ। লিগের আগের ম্যাচেই ছুঁয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো ও বার্সারই আরেক সাবেক খেলোয়াড় মারিয়ানো মার্টিনের টানা ১০ ম্যাচে গোলের রেকর্ড। আজ গোল পেলে টানা চারবারের ফিফা-ব্যালন ডি’অর বিজয়ী গড়বেন লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার কীর্তি। এএফপি, ওয়েবসাইট।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১৩.০১.২৭ ১০:৫৫
ও গোল করবেই !এটাই ওর পরিচিতি !

Chowdhury Masud

Chowdhury Masud

২০১৩.০১.২৭ ১৫:০১
He has born for making score.