টু ক রো খ ব র
ফিরছেন বেবেতো
আবার ফুটবলে দেখা যাবে বেবেতোকে। তবে খেলোয়াড় হিসেবে নয়, ব্রাজিল ফুটবলে বেবেতো ফিরছেন যুবদলের দায়িত্ব নিয়ে। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ব্রাজিলের যুবাদের বাজে পারফরম্যান্সের পর যুব ফুটবলে পরিবর্তনের কথা ভাবছে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এই বদলের অংশ হিসেবেই বয়সভিত্তিক দলগুলোর প্রধান কোচ করা হচ্ছে ১৯৯৪ বিশ্বকাপে ‘কোলে শিশু দোলানো’ উদ্যাপনের জন্য বিখ্যাত হয়ে থাকা বেবেতোকে। ১০ দলের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে নবম হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা হয়েছে সপ্তম। আগামী সপ্তাহেই বেবেতোকে নিয়োগের আনুষ্ঠানিকতা সারা হবে বলে জানিয়েছে সিবিএফ। রয়টার্স।
বালোতেল্লি সিটিরই
ম্যানচেস্টার সিটিতেই থেকে যাচ্ছেন মারিও বালোতেল্লি। সিটি কোচ রবার্তো মানচিনি দলের খেলোয়াড়-সংকটের কথা জানিয়ে বলেছেন, দলবদলের চলতি জানালায় বালোতেল্লি তো ননই, কাউকেই ছাড়া হবে না। কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া এবং আরও অনেক বিতর্কিত ঘটনার কারণে ধরে নেওয়া হয়েছিল, বালোতেল্লিকে ছেড়ে দেবে সিটি। সিরি ‘আ’র দল এসি মিলানের সঙ্গে ইতালিয়ান স্ট্রাইকার যোগাযোগও করছেন বলে খবর ছিল। কিন্তু মানচিনির সাফ কথা, ‘দুই বছর ধরেই এটা একটা প্রশ্ন। বালোতেল্লির সিটি ছেড়ে যাওয়ার খবর সত্যি নয়। সে এখানেই (ম্যান সিটি) থাকছে। মারিও কিংবা দলের অন্য কারও ব্যাপারে কোনো অনুরোধ আমরা পাইনি।’ এএফপি।
পদ্মভূষণ দ্রাবিড়
১৯৯৮ সালে পেয়েছিলেন অর্জুন, ২০০৪ সালে পদ্মশ্রী। এবার ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণের জন্য মনোনীত হয়েছেন রাহুল দ্রাবিড়। এই পুরস্কারের জন্য এবার যে ২৪ জন মনোনীত হয়েছেন, সেই তালিকায় ক্রিকেটার শুধু দ্রাবিড়ই। টেস্টে ১৩২৮৮ ও ওয়ানডেতে ১০৮৮৯ রানের এই মালিক ছাড়াও মনোনীত তালিকায় আছেন অলিম্পিক ব্রোঞ্জজয়ী নারী বক্সার মেরি কম। ছয় মাস আগে খেলরত্ন খেতাবও পেয়েছেন গত বছর অবসর নেওয়া এই ব্যাটিং কিংবদন্তি। ওয়েবসাইট।
ক্যাসিয়াসের বিকল্প লোপেজ
লম্বা একটা সময় মাঠের বাইরে থাকতে হবে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। সেটা হতে পারে ১২ সপ্তাহ পর্যন্ত। স্প্যানিশ কাপে গত শুক্রবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান ক্যাসিয়াস। পরশু চিকিত্সক মিগুয়েল ডেল সেরোর উদ্ধৃতি দিয়ে রিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, আট থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে দলের অধিনায়ককে। এতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ এবং বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ কাপ সেমিফাইনালের দুই লেগেই খেলতে পারবেন না বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়ন গোলরক্ষক। তাঁর লম্বা অনুপস্থিতির কথা ভেবেই শুক্রবার সেভিয়ার গোলরক্ষক ডিয়েগো লোপেজের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছে রিয়াল। চুক্তির টাকার অঙ্কটা ৩৫ থেকে ৪০ লাখ ইউরো বলে অনুমান। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







