ধানবোঝাই ট্রাক লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ধনকুণ্ঠি এলাকায় দুর্বৃত্তরা আড়াই শ বস্তা ধানসহ একটি ট্রাক লুট করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা ট্রাকচালক, চালকের সহকারী ও ধানমালিকের একজন প্রতিনিধিকে হাত-পা ও চোখমুখ বেঁধে মাইক্রোবাস করে নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না এলাকায় ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে।
ট্রাকচালক বেলাল হোসেন জানান, দিনাজপুরের বিরামপুর থেকে ধান নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় যাওয়ার পথে ধনকুণ্ঠি এলাকায় একটি মাইক্রোবাস থেকে অজ্ঞাতনামা আট-নয়জন লাল রঙের সিগনাল বাতি ধরে ট্রাকটি থামায়। এরপর ট্রাকে থাকা ধানের চালান দেখার নামে দুর্বৃত্তরা তাঁকে ট্রাক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে মাইক্রোবাসে তোলে। তারা ট্রাকে থাকা অপর দুজনকেও মাইক্রোবাসে তুলে বেঁধে ফেলে। প্রায় তিন লাখ টাকা দামের আড়াই শ বস্তা ধানসহ ট্রাক, চারটি মুঠোফোন ও তাঁদের কাছে থাকা আট হাজার ৩০০ টাকা দুর্বৃত্তরা লুট করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, অপরাধীদের শনাক্তসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে জোর তত্পরতা চালানো হচ্ছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন