শিরোনাম:

রামসাগর ট্রেন চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর পথে রামসাগর ট্রেন চালুর দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা নাগরিক পরিষদ গাইবান্ধা রেলস্টেশন প্ল্যাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এ সময় সমাবেশে বক্তৃতা করেন নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্যসচিব আরিফুল ইসলাম, সদস্য মঞ্জুর আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ট্রেনটি চালু করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
গাইবান্ধা রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি বগুড়ার সান্তাহার-লালমনিরহাট পথে বোনারপাড়া থেকে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত। মাত্র সাড়ে চার ঘণ্টায় ট্রেনটি গাইবান্ধা থেকে দিনাজপুর যেত। ভাড়াও ছিল কম। কিন্তু ২০১১ সালের জুলাই মাসে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।
গাইবান্ধা নাগরিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, গাইবান্ধা থেকে রংপুরের ভাড়া মাত্র ১৫ টাকা। সময় লাগে দুই ঘণ্টা। অথচ ট্রেনটি বন্ধ করে সাধারণ যাত্রীদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
রেলওয়ের লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় ট্রাফিক সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘চালক ও গার্ড পদে লোক না থাকায় ট্রেনটি চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই সব পদে লোক নিয়োগ হলে ট্রেনটি আবার চালু করা হবে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন