বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে হত্যা

গাজীপুরে দুই যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুঠোফোনে পাওয়া ভিডিওচিত্র দেখে তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সিনাবহ এলাকার রজব আলীর ছেলে মিরাজ আলী (৩৫) ও ওয়াজেদ আলীর ছেলে হিটলার মিয়া (৩০)।
পুলিশ জানায়, উপজেলার সিনাবহ এলাকায় ১৯ জানুয়ারি বুদ্ধিপ্রতিবন্ধী মর্জিনা আক্তারকে (৩৫) ‘ছেলেধরা’ সন্দেহে এলাকাবাসী আটক করে। পরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এসব ঘটনার ভিডিওচিত্র এলাকাবাসীর অনেকেই তাদের মুঠোফোনে ধারণ করে রাখে।
২১ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা’ শিরোনামে খবর ছাপা হলে পুলিশ প্রশাসন, প্রতিবন্ধী সংস্থাসহ বিভিন্ন মহল থেকে বেশ আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ এলাকাবাসীর কাছ থেকে ভিডিওচিত্র সংগ্রহ করে এবং সক্রিয় ব্যক্তিদের চিহ্নিত করে। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় ৪০০-৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা হলেও ভিডিওচিত্র দেখে প্রকৃত দোষীদেরই গ্রেপ্তার করা হবে। ওই দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিনাবহ এলাকায় ১৯ জানুয়ারি ‘ছেলেধরা’ সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী মর্জিনাকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। এর দুই দিন পর গত সোমবার সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় পৃথক ঘটনায় আরও দুই প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করে জনতা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন