স্মার্টফোনের বছর ২০১২
২০১২ সাল ছিল স্মার্টফোনের বছর। ৭০ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে গত বছরে, যা একটি রেকর্ড। ২০১০ সালে নকিয়া ১০ কোটি স্মার্টফোন বিক্রির রেকর্ড করেছিল, যা ২০১২ সালে স্যামসাং ছাড়িয়ে গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের গবেষকেরা জানিয়েছেন, গত বছরে স্মার্টফোন বিক্রি বাড়লেও ২০১১ সালের তুলনায় স্মার্টফোনের বাজার বৃদ্ধির হার ছিল কম। ২০১১ সালের চেয়ে ৪৯ কোটি ইউনিট বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে ২০১২ সালে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরে স্মার্টফোন বাজারের বেশির ভাগই ছিল স্যামসাং ও অ্যাপলের দখলে। স্মার্টফোনের বাজার বৃদ্ধি, বিপণনব্যবস্থা আর নতুন পণ্য আনার কারণেই স্যামসাং ও অ্যাপল বাজারের দখল নিয়েছে বলেই বিশ্লেষকেরা জানিয়েছেন।
২০১২ সালে স্মার্টফোন বাজারের ৩০ শতাংশ দখল নিয়েছিল স্যামসাং। এ বছর ২১ কোটি ৩০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি নোট ও গ্যালাক্সি ওয়াই স্যামসাংয়ের স্মার্টফোন বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে।
২০১২ সালে স্মার্টফোনের বাজারে ১৯ শতাংশ ছিল অ্যাপলের দখলে। এ সময় ১৩ কোটি ৫৮ লাখ স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। ২০১১ সালের তুলনায় অ্যাপল ৪৬ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে। ২০১২ সালের স্মার্টফোনের বাজারে নকিয়ার অবস্থান ছিল তিনে।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ফিচার ফোন বিক্রি হয়েছে ১৬০ কোটি, যা এক বছর আগের তুলনায় মাত্র ২ শতাংশ বাড়তি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






