গুচ্ছভিত্তিক শিল্পে অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারিত হচ্ছে

অর্থ ও বাণিজ্য ডেস্ক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চলতি ২০১২-১৩ অর্থবছরে ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক শিল্পে অর্থায়নে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর লক্ষ্যমাত্রা জমা নেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। খবর বাসসের।
এর মধ্যে ২৯টি ব্যাংক ও ১৪টি আর্থিক প্রতিষ্ঠান মোট চার হাজার ৬৬৮ কোটি ৯৫ লাখ টাকা গুচ্ছ অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাকি ৩২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনো লক্ষ্যমাত্রা চূড়ান্ত করতে পারেনি। ৩১ জানুয়ারির মধ্যে গুচ্ছ অর্থায়নে লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশনার পর বাণিজ্যিক ব্যাংকগুলো এ কাজ শুরু করেছে।
চলতি বছর গুচ্ছভিত্তিক শিল্পে সবচেয়ে বেশি বিনিয়োগের জন্য সর্বোচ্চ দুই হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইসলামী ব্যাংক ৮৩০ কোটি টাকা ও মার্কেন্টাইল ব্যাংক ৬০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বাসসকে বলেন, বিগত বছরগুলোতে এ শিল্পের জন্য লক্ষ্যমাত্রা পর্যবেক্ষণ না থাকায় ব্যাংকগুলো বিচ্ছিন্নভাবে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এ শিল্পে বিনিয়োগ করত। কিন্তু চলতি বছর গুচ্ছভিত্তিক কার্যক্রম উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রকৃত শিল্পোদ্যোক্তার সহজে এসএমই ঋণ প্রাপ্তি নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত চলতি বছর কৃষিভিত্তিক প্রকৌশল শিল্প, তাঁতশিল্প, চাতালশিল্প, নকশিকাঁথা শিল্প, জামদানি শিল্প, মণিপুরি তাঁতশিল্প, বুটিক ও হস্তশিল্প প্রভৃতির মধ্যে তাঁতশিল্পে ঋণ দিতে বেশি আগ্রহ প্রকাশ করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন