১২ সেনার শিরশ্ছেদ করেছে ভারত: পাকিস্তান
পাকিস্তান অভিযোগ করেছে, ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত ১২ জন সেনার শিরশ্ছেদ করেছে ভারত। অমীমাংসিত কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণকারী জাতিসংঘ প্রতিষ্ঠান ইউএনএমওজিআইপির কাছে উত্থাপন করা গোপন এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে ইসলামাবাদ।
চলতি মাসের গোড়ার দিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় হামলা-পাল্টাহামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়। পাকিস্তানের দাবি, ভারতীয় সেনাবাহিনীর গুলিতে তাদের তিনজন সেনা নিহত হয়েছে। আর ভারতের দাবি, পাকিস্তানি সেনাদের হাতে তাদের দুজন সেনা মারা গেছে। এদের মধ্যে একজনের শিরশ্ছেদ করা হয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর ১৬ জানুয়ারি দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সই হয়।
ইউএনএমওজিআইপির কাছে নালিশ আকারে পাকিস্তান বলেছে, ভারতীয় সেনাবাহিনী ১৯৯৮ সাল থেকে ১২ জন সেনাসদস্যকে শিরশ্ছেদ ও ২৯ জন বেসামরিক লোককে হত্যা করেছে। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘তাঁরা এসব ঘটনাকে খুব বেশি গুরুত্ব দেন না...তবে প্রতিটি ঘটনায় সামরিক বাহিনী ও ইউএনএমওজিআইপির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।’ এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






