শিরোনাম:

মালির বিদ্রোহীদের শেষ ঘাঁটিতে ফরাসি বাহিনী

| তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মালির বিদ্রোহীদের শেষ ঘাঁটি বলে বিবেচিত উত্তরাঞ্চলীয় কিদাল শহরে ঢুকেছে ফরাসি বাহিনী। তারা ইতিমধ্যে বিমানবন্দর দখলে নিয়েছে। তবে কিদাল নগর এখনো নিয়ন্ত্রণে আসেনি।
বিভিন্ন সূত্রের খবর, ইসলামি জঙ্গিরা ইতিমধ্যে শহর ছেড়ে পালিয়েছে। তবে কে বা কারা বর্তমানে কিদাল নিয়ন্ত্রণ করছে, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
ফরাসি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল থিয়েরি বুরখার্দ নিশ্চিত করেন, মঙ্গলবার মধ্যরাতে তাদের সেনাবাহিনী কিদাল শহরে ঢুকেছে। অভিযান এখনো চলছে।
আঞ্চলিক নিরাপত্তা সূত্র জানায়, ফ্রান্সের চারটি যুদ্ধবিমান কিদাল বিমানবন্দরে অবতরণ করেছে। যুদ্ধবিমানের নিরাপত্তায় আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। অথচ কয়েক দিন আগেও রাজধানী বামাকো থেকে দেড় হাজার কিলোমিটার দূরের কিদাল নগর ইসলামি জঙ্গিগোষ্ঠী আনসার দ্বীনের নিয়ন্ত্রণে ছিল।
সম্প্রতি আনসার দ্বীন ভেঙে একটি অংশ সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয়। তারা ইসলামিক মুভমেন্ট অব আযাওয়াদ (আইএমএ) নামে নতুন একটি সংগঠন গড়ে তুলেছে। আইএমএর দাবি, কিদাল নগর এখন তাদের নিয়ন্ত্রণে। ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আযাওয়াদ (এমএনএলএ) নামের আরেকটি সংগঠনও কিদাল তাদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে। এমএনএলএর মুখপাত্র জানান, তাঁদের যোদ্ধারা শনিবার কিদালে ঢুকেছে। বর্তমানে সেখানে কোনো জঙ্গি নেই।
কিছু গণমাধ্যম জানায়, আনসার দ্বীনের প্রধান আয়াদ আগ ঘালি কিদালের উত্তরে পার্বত্য এলাকায় চলে গেছেন। বিবিসি ও রয়টার্স।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন