রাষ্ট্রীয় টিভিতে প্রযুক্তিমন্ত্রী
চাভেজের অবস্থার উন্নতি হচ্ছে রাষ্ট্র পরিচালনা করছেন
হুগো চাভেজ
ভেনেজুয়েলার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হোর্হে আরেয়াসা বলেছেন, প্রেসিডেন্ট হুগো চাভেজের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তাঁর অংশগ্রহণ দিনে দিনে বাড়ছে।
কিউবার রাজধানী হাভানা থেকে ফোনে গত মঙ্গলবার আরেয়াসা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, প্রতিদিনই চাভেজের অবস্থার উন্নতি হচ্ছে। চিন্তাভাবনার ওপর তাঁর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন।
ক্যানসারের চিকিত্সায় চাভেজ ঠিক কী ধরনের চিকিত্সা নিচ্ছেন, সরকারিভাবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। এমনকি তাঁর দেশে ফেরার সম্ভাব্য কোনো তারিখও ঘোষণা করা হয়নি।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত শনিবার বলেন, চাভেজ বর্তমানে পরিপূরক চিকিত্সা নিচ্ছেন। তিনি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে সুস্থ অবস্থায় রয়েছেন।
ক্যানসারে আক্রান্ত ৫৮ বছর বয়সী চাভেজ বর্তমানে কিউবায় চিকিত্সাধীন রয়েছেন। তাঁর দেহে এ পর্যন্ত চার দফা অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ গত ১১ ডিসেম্বর অস্ত্রোপচারের পর থেকে তাঁকে দেখা যায়নি এবং তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাঁর সুস্থতা নিয়ে জনসাধারণের মধ্যে অস্পষ্টতা রয়েছে। স্বাভাবিক অবস্থায় চাভেজ রাষ্ট্রীয় টেলিভিশন বা বেতারে প্রতিদিনই লম্বা সময় ধরে উপস্থিত থাকতেন। তাই বর্তমানে তাঁর দীর্ঘ নীরবতা জনমনে সন্দেহ তৈরি করেছে।
প্রেসিডেন্ট চাভেজ নতুন মেয়াদে নির্বাচিত হলেও অসুস্থতার কারণে ১০ জানুয়ারি নির্ধারিত শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এতে প্রেসিডেন্টের সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে বিরোধী দলগুলো ব্যাপক সমালোচনা করেছে। এএফপি ও সিএনএন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






