ফেটে গেছে সরবরাহ পাইপ
কলাবাগান এলাকায় পানির তীব্র সংকট
রাজধানীর কলাবাগান ও আশপাশের এলাকায় দুই দিন ধরে পানির তীব্র সংকট চলছে। রাসেল স্কয়ারে ঢাকা ওয়াসার সরবরাহ পাইপ ফেটে যাওয়ায় এ সংকট দেখা দেয়। গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দেড় ইঞ্চি ব্যাসার্ধের পুরোনো এই পানির পাইপ ফেটে যায়।
কলাবাগানের ডলফিন গলির বাসিন্দা আবদুর রকিব জানান, মঙ্গলবার সন্ধ্যায় পর তাঁর বাসায় পানি আসেনি। কিছুক্ষণ পর পানি আসবে—এই আশায় প্রথমে তিনি ও তাঁর পরিবার বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করেনি। কিন্তু রাত বাড়ার পরও যখন সরবরাহ বন্ধ থাকে, তখন তাঁর পরিবারের সন্দেহ হয়। পরে তিনি বাইরে গিয়ে জানতে পারেন, এলাকার সব বাড়িতেই সমস্যা চলছে।
ওয়াসার স্থানীয় লাইনম্যান আনোয়ার হোসেন জানান, লাইনটি অনেক পুরোনো ছিল। পানির অতিরিক্ত চাপে এটি হঠাৎ ফেটে যাওয়ায় তাঁরা চরম সমস্যায় পড়ে যান।
এ প্রসঙ্গে ওয়াসার দায়িত্বশীল সূত্র জানায়, পাইপলাইনটি আশির দশকে বসানো হয়। সর্বশেষ গত বছরের শেষ দিকে সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায় চালুর আগে এই পাইপলাইন আন্তসংযোগের মাধ্যমে যুক্ত হয় প্রধান পাইপলাইনের সঙ্গে। রাসেল স্কয়ার থেকে কল্যাণপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই প্রধান লাইনে পানির চাপ বেশি। পুরোনো সরু পাইপের পক্ষে ওই চাপ সওয়া কঠিন।
এলাকাবাসী জানান, পাইপলাইন ফেটে যাওয়ার পর কলাবাগান প্রধান সড়ক পানিতে সয়লাব হয়ে যায়। সেই পানি ধানমন্ডি লেকে গিয়ে পড়ে। কলাবাগানের একটি আন্তনগর পরিবহন কোম্পানির কর্মী মিল্লাত হোসেনের মতে, মঙ্গলবার বিকেল থেকে কয়েক লাখ গ্যালন পানি ধানমন্ডি লেকে পড়েছে। এই লেক না থাকলে এলাকার দোকানপাট, বাসাবাড়িতেও পানি ঢুকে যেত।
জানতে চাইলে ওয়াসার স্থানীয় সার্কেলের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আশা করা যাচ্ছে, রাত ১০টার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। লাইন মেরামতে তাঁরা টানা কাজ করছেন।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






