ঢাকা বিশ্ববিদ্যালয়

বর্ধিত ফি প্রত্যাহার না হলে আন্দোলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আগামী ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বুধবার মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেন জোটের নেতারা। একই সঙ্গে দাবি আদায়ে ১০ দিনব্যাপী আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং নৃবিজ্ঞান বিভাগে ছাত্রকল্যাণ খাতে এক হাজার টাকা, ইতিহাস বিভাগে ল্যাব চার্জ বাবদ এক হাজার ৫০০ টাকা এবং আইন বিভাগে উন্নয়ন ফি এক হাজার টাকা অতিরিক্ত ধার্য করা হয়েছে। এ ছাড়া গণিত, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যানসহ বিভিন্ন বিভাগে মিডিয়া সেন্টার ও কম্পিউটার চার্জ বাবদ ৬০০ টাকা অতিরিক্ত ফি ধার্য করা হয়েছে। নবনির্মিত সুফিয়া কামাল হলে কশান (নিরাপত্তা) ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা, জগন্নাথ হলে ২০০৮-০৯ সেশনে ‘পূজা ও বিবিধ’ নামে যে ফি ছিল এক হাজার ৩০০ টাকা, তা চার বছরে বেড়ে তিন হাজার টাকা হয়েছে।
রুহুল আমিন বলেন, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি মেনে না নিলে ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট পালন করা হবে।
তাঁদের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারাভিযান ও ছাত্রসংযোগ, ৬ ফেব্রুয়ারি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়, ৭ ফেব্রুয়ারি প্রচার মিছিল, ৯ ফেব্রুয়ারি কলা ও বাণিজ্য অনুষদে প্রচার মিছিল ও সন্ধ্যায় মশাল মিছিল।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Mohammed Arifur Rahman Chowdhury

Mohammed Arifur Rahman Chowdhury

২০১৩.০১.৩১ ১১:৫৬
আর কত সস্তা চাও? ১০টাকা বাস ভাড়া দাও ২/৫, মাঝে মাঝে ২০ টাকার ভাড়া তাও দাও ৫টাকা, কিন্তু মোবইল ফোন খরচ কর হাজার হাজার টাকা।