বক্তব্য প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে ১৫ দিন সময় তারেকের
অর্থ পাচার নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে পাঠানো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আইনি নোটিশের জবাব দিতে আরও ১৫ দিন সময় বাড়ানো হয়েছে। গতকাল বুধবার সকালে এ-সংক্রান্ত একটি চিঠি রেজিস্ট্রি ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর পুরাতন সংসদ ভবন ঠিকানা উল্লেখ করে পাঠানো হয়।
তারেক রহমানের পক্ষে আইনজীবী মাহবুবউদ্দিন খোকন এ নোটিশ পাঠান। এতে বলা হয়, ‘আপনার মিথ্যা বক্তব্য প্রত্যাহারে ২ জানুয়ারি আইনি নোটিশ পাঠিয়েছিলাম। জবাবের জন্য নির্ধারিত ২৮ দিন ৩০ জানুয়ারি শেষ হচ্ছে। এখন পর্যন্ত আপনার পক্ষ থেকে কোনো জবাব পাইনি। এই পরিস্থিতিতে আমার মক্কেল ওই মন্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য আরও ১৫ দিন সময় দিচ্ছেন।’
২ জানুয়ারি পাঠানো ওই নোটিশে গত বছরের ১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘খালেদা জিয়া তাঁর ছেলেরা নাকি সৎ জীবনযাপন করে বলেছেন। যেদিন তিনি এ কথা বললেন, সেদিনই তাঁর ছেলেদের মানি লন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। এ মামলা আওয়ামী লীগ সরকার করেনি। মামলা হয়েছে আমেরিকার কোর্টে। এই এলাকার অনেকেই প্রবাসে থাকেন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, তাঁর ছেলে লন্ডনের কোন এলাকায় থাকে। কী গাড়ি ব্যবহার করে। কী রকম বিলাসবহুল জীবনযাপন করছে। কোথা থেকে এ টাকা আসে? দুর্নীতি ছাড়া এত টাকা কোথা থেকে আসবে।’ আরও বলা হয়, ‘তাঁর ছেলেরা বিদেশে রেস্টুরেন্ট করেছে। বাড়ি করেছে। দামি গাড়ি কিনেছে। ভাঙা স্যুটকেস থেকে কি এসব টাকা বের হচ্ছে? বিএনপি ক্ষমতায় থাকাকালে মানি লন্ডারিং করে, এসব টাকা পাচার করে এখন লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছে তারেক।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






