মুজাহিদ ও কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্যের দিন পুনর্নির্ধারণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এই দিন পুনর্নির্ধারণ করেন।
মুজাহিদের বিরুদ্ধে মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ তাঁকে হাজির করতে পারেনি। মুজাহিদের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান ট্রাইব্যুনালে বলেন, সাক্ষী অসুস্থ। তাই তাঁকে হাজির করা যায়নি। পরে ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
পরে কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায়ও রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন এই ট্রাইব্যুনাল। কামারুজ্জামানের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম এ মামলায় সাক্ষ্য নেওয়ার জন্য নতুন একজন সাক্ষীকে হাজির করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, যাঁকে সাক্ষ্য দিতে এনেছেন, তিনি কি তালিকাভুক্ত সাক্ষী? জবাবে কৌঁসুলি ‘না’ সূচক জবাব দিলে ট্রাইব্যুনাল বলেন, ‘এই সাক্ষী অতিরিক্ত সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারবেন। কিন্তু এ জন্য আপনাদের আবেদন করতে হবে।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






