প্রধানমন্ত্রী রোভার মুটের উদ্বোধন করবেন আজ

পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দেশি-বিদেশি রোভার ও স্কাউটদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে পঞ্চপড়ের ময়নামতির চর। ‘শান্তি ও উন্নয়নে স্কাউটিং’ স্লোগান সামনে রেখে গত মঙ্গলবার বিকেল থেকে ওই চরে শুরু হয়েছে স্কাউটসের মিলনমেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী সোমবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এই আসর। গতকাল বুধবার আসরের দ্বিতীয় দিনে গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ (মেলা) উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশ স্কাউটসের (আন্তর্জাতিক) জাতীয় কমিশনার ও পরিকল্পনাসচিব মো. মোজাম্মেল হক খান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, বিশ্বায়নের এই যুগে স্কাউটদের মেধা কাজে লাগানোর সুযোগ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এই সুযোগ কাজে লাগাতে হবে। মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
গতকাল বিকেলে আজকের আনুষ্ঠানিক উদ্বোধনের মহড়া অনুষ্ঠিত হয়। একই সময়ে গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ চ্যালেঞ্জের উদ্বোধন অনুষ্ঠানও চলে। এই ভিলেজ হচ্ছে মুক্তিযুদ্ধ, সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ, নৈতিক শিক্ষা, জলবায়ুর পরিবর্তন, ক্যারিয়ার কর্নার, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও পুষ্টি, ধূমপান ও মাদক বিষয়ে সচেতনতা সৃষ্টিমূলক এক মেলা।
গতকাল দুপুর পর্যন্ত ভিলেজ-১ চ্যালেঞ্জ সুস্থ দেহ সুস্থ মন, ভিলেজ-২ চ্যালেঞ্জ গ্রামসেবা ও হাইকিং, ভিলেজ-৩ চ্যালেঞ্জ স্কুল প্রোগ্রামিং, ভিলেজ-৪ চ্যালেঞ্জ নেচার অ্যান্ড লাইফ এবং ভিলেজ-৫ চ্যালেঞ্জ গ্লোবালে প্রায় ছয় হাজার রোভার ও স্কাউট সদস্য অংশ নেয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট লিডার মো. মুহিত আল রশিদ এবং প্রথম আলোর হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষ।
স্কাউটসের এই আসরে প্রথম আলো বন্ধুসভার স্টল থেকে বন্ধুরা প্রথম আলোর ফোল্ডার, প্রথম আলো জবস ডটকমের ফোল্ডার, বিভিন্ন প্রচারপত্র ও স্টিকার বিলি করছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন